লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে গেছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার চৌধুরীপাড়া এলাকার মৃত মংশি মগের ছেলে ইন্দাসারা ভিক্ষু প্রকাশ উচিমং মগ (৪৪)। বাকি দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের পর গাড়িটি দুমড়েমুচড়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই ঘিরে রাঙ্গুনিয়ায় প্রস্তুতি সভা, গঠন একাধিক উপ-কমিটি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : “নতুন কুঁড়ি স্পোর্টস” উপজেলা পর্যায়ের বাছাইপর্ব সফলভাবে আয়োজনের লক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলায় একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে বিভিন্ন ইভেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক উপ-কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইকবাল আহমেদ, ক্রীড়াবিদ ও সাংবাদিক আব্বাস হোসাইন এবং ইসমাঈল হোসেন।

সভায় জানানো হয়, আগামী ২৯ এপ্রিল রাঙ্গুনিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ক্রিকেট এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ফুটবল ইভেন্টের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এছাড়া ৩০ এপ্রিল উপজেলার বিভিন্ন স্থানে অন্যান্য ইভেন্টের আয়োজন করা হবে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তুলতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

রাঙ্গুনিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন এলাকায় বজ্রপাতে মো. আমির শরীফ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে কালবৈশাখী ঝড় চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমির শরীফ পেশায় একজন বর্গাচাষী ছিলেন। ঘটনার দিন বিকেলে তিনি বাড়ির পাশের বিলে বর্গা নেওয়া জমিতে সেচ দিতে যান। কাজ শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত হতে তাকে চন্দ্রঘোনা হেলথকেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

নিহত আমির শরীফ উপজেলার শান্তিনিকেতন দক্ষিণ পাড়ার অলি আহমদ মাস্টারের বাড়ির মৃত লেদু হাজীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতোই কৃষিকাজে মাঠে গিয়েছিলেন তিনি। সেচ দিয়ে ফেরার পথেই বজ্রপাতে তার মৃত্যু হয়, যা পরিবারে শোকের ছায়া নেমে এনেছে।

রাঙ্গুনিয়ায় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল, রাজাভুবন ও গজালিয়ার জয়োল্লাস

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়ার শিশুমেলা মডেল স্কুল মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক ও বালিকা) এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বালক বিভাগে রাজাভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একইভাবে বালিকা বিভাগে গজালিয়া আছাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিরোপা জিতে নেয়।

খেলা ঘিরে মাঠজুড়ে ছিল শিশু শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, গ্যালারিতে অভিভাবকদের উচ্ছ্বাস এবং শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি। প্রতিটি আক্রমণ, গোল ও রক্ষণভাগের লড়াইয়ে ফুটে ওঠে শিক্ষার্থীদের উদ্দীপনা ও আত্মবিশ্বাস।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা লিপি রাণী গোপ। এ সময় সহকারী শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, খেলাধুলা শিশু শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তাদের মধ্যে শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, রাঙ্গুনিয়ার আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গঠনে সহায়ক ভূমিকা রাখে।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়।

রাঙ্গুনিয়ায় সেচ পাম্পের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু, অব্যবস্থাপনার অভিযোগ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটায় সেচ পাম্পের অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে মো. আবছার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত শুক্রবার বিকেলে উপজেলার সরফভাটা ইউনিয়নের দক্ষিণ সিকদারপাড়া এলাকার কৃষি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. আবছার মরিয়মনগর ইউনিয়নের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সরফভাটার দক্ষিণ সিকদারপাড়া এলাকায় বসবাস করছিলেন। তিনি পেশায় কৃষিকাজ করতেন।

স্থানীয়সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি বাড়ির পাশে মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এরপর দুপুর গড়িয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলের দিকে কৃষি জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

এলাকাবাসীর দাবি, একটি ব্যক্তি মালিকানাধীন সেচ পাম্পের বৈদ্যুতিক তার কলাগাছের সঙ্গে ঝুলন্ত ও খোলা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, ওই খোলা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খুঁজতে বের হলে তার মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে রাতে মরদেহ নিজ গ্রাম মরিয়মনগরে নিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত অবস্থায় পড়ে ছিল। তাদের দাবি, ওই অব্যবস্থাপনাই এই মৃত্যুর কারণ।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে রাঙ্গুনিয়ার আবু আহমেদ হাসনাত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রাঙ্গুনিয়ার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এ অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকদের পাশাপাশি স্থানীয় ক্রীড়ানুরাগী হিসেবে আবু আহমেদ হাসনাতকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারার আলোকে গঠিত এই অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনা এবং পরবর্তী নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, আবু আহমেদ হাসনাত এর আগে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন। স্থানীয় পর্যায়ে ক্রীড়া উন্নয়ন ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণেই তাকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন বিভাগীয় কমিশনার। সদস্য হিসেবে থাকবেন ডিআইজি, পুলিশ কমিশনার, স্থানীয় সরকার পরিচালক, বিভাগীয় সমবায় অফিসের যুগ্ম নিবন্ধক এবং ক্রীড়াবিদ আবু আহমেদ হাসনাত। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ মো. মসিউল আলম।

রাঙ্গুনিয়ায় সড়ক-সেতু উন্নয়ন উদ্বোধন, কাপ্তাই সড়ক চার লেনের উদ্যোগের কথা জানালেন এমপি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়ায় সড়ক ও সেতুর বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। এ সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগের বিষয়ে কথা বলেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত পদুয়া রাজারহাট-কমলাছড়ি ব্রীজঘাটা খুরুশিয়া আবদুল হামিদ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কাপ্তাই সড়ক চার লেনে উন্নীত করা এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এবং এটি বাস্তবায়নে সরকার এগোচ্ছে। প্রকল্পটি চলতি বাজেটে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং দ্রুত কাজ শুরুর বিষয়ে সংশ্লিষ্ট প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

এ সময় উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, এলজিইডির অধীনে আবদুল হামিদ সড়কটি কার্পেটিং করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কটি সংস্কারের ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেন, এলজিইডির গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট উন্নয়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নত হবে। উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।

একই দিন তিনি “ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন” প্রকল্পের আওতায় পেকুয়া সড়কের একটি ৩৯ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুর উদ্বোধন করেন। পাশাপাশি গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্পের অধীনে পশ্চিম সরফভাটা এলাকার ক্ষেত্রবাজার-কালুরঘাট-চরণদ্বীপ সড়কের উন্নয়ন কাজেরও উদ্বোধন করা হয়।

 

লালদীঘিতে আবারও ‘বাঘা’ শরীফের দাপট, টানা তৃতীয়বার জব্বারের বলীখেলার চ্যাম্পিয়ন

চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর জমে উঠেছিল দর্শকদের ব্যাপক উপস্থিতিতে। শনিবার (১২ বৈশাখ) লালদীঘি মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতেছেন কুমিল্লার মো. শরীফ, যিনি ‘বাঘা’ শরীফ নামে পরিচিত।

বিকেল তিনটার দিকে শুরু হওয়া মূল প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ১০৮ জন কুস্তিগীর অংশ নেন। চট্টগ্রাম, বাগেরহাট, নারায়ণগঞ্জ ও সাভারসহ বিভিন্ন অঞ্চলের বলীরা আখড়ায় নিজেদের শক্তি ও কৌশলের লড়াইয়ে অংশ নেন।

গতবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফ ও রানারআপ রাশেদসহ শীর্ষ চারজন সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলেন। প্রথম রাউন্ড শেষে তাঁদের সঙ্গে যোগ দেন মামুন, দিপু, নুরুল ইসলাম ও মিঠু। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে জয় পেয়ে ফাইনালে ওঠেন বাঘা শরীফ ও রাশেদ।

ফাইনালে শুরু থেকেই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রায় ২৫ মিনিটের টানটান প্রতিদ্বন্দ্বিতার এক পর্যায়ে কৌশলে রাশেদকে মাটিতে ফেলতে সক্ষম হন বাঘা শরীফ। রেফারির সিদ্ধান্তে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়।

এর আগে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় মিঠু বলী জয় পান।

খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

প্রসঙ্গত, ১৯০৯ সালে বদরপাতির ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগরের হাত ধরেই এই বলীখেলার সূচনা। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে তরুণদের শারীরিক সক্ষমতা ও সাহসিকতা গড়ে তুলতেই শুরু হয়েছিল এ আয়োজন, যা সময়ের সঙ্গে চট্টগ্রামের মানুষের অন্যতম বড় লোকজ উৎসবে পরিণত হয়েছে।

প্রতিবছর ১২ বৈশাখ লালদীঘি মাঠে বসে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। এ উপলক্ষে আশপাশের কয়েক কিলোমিটারজুড়ে জমে ওঠে বৈশাখী মেলা। কেনাবেচা, আড্ডা আর মানুষের ভিড়ে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর।

শত বছরের বেশি সময় পেরিয়েও জব্বারের বলীখেলা চট্টগ্রামের মানুষের আবেগ ও সংস্কৃতির অংশ হয়ে আছে। সেই ঐতিহ্যের মঞ্চেই আবারও নিজের আধিপত্য দৃঢ় করে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলেন ‘বাঘা’ শরীফ।

তরুণের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী, রিজওয়ানের গো-কার্টে নিজেই স্টিয়ারিং ধরলেন

ডেস্ক: কলেজ শিক্ষার্থী রিজওয়ান রশীদের তৈরি ‘গো-কার্ট’ (রেসিং কার) চালিয়ে তার উদ্ভাবনী প্রচেষ্টাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজের মেধা ও পরিশ্রমে ছোট আকারের এই রেসিং কারটি নির্মাণ করেন রিজওয়ান। শনিবার (২৫ এপ্রিল) তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে তার উদ্ভাবনটি উপস্থাপন করেন।

দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে গাড়িটির কারিগরি দিকগুলো আগ্রহভরে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নির্মাণ প্রক্রিয়া ও প্রযুক্তিগত দিক নিয়ে রিজওয়ানের সঙ্গে কথা বলেন।

একপর্যায়ে প্রধানমন্ত্রী নিজেই চালকের আসনে বসে গো-কার্টটি চালিয়ে দেখেন।

পুষ্টি সচেতনতা বাড়াতে রাঙ্গুনিয়ায় সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : পুষ্টি সচেতনতা বৃদ্ধি ও অপুষ্টি দূরীকরণে রাঙ্গুনিয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

উপজেলা পর্যায়ে এ কর্মসূচির আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, বাস্তবায়নে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

উদ্বোধন উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আকতার এবং রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আফসার। এ সময় বক্তব্য দেন বিশেষজ্ঞ চিকিৎসক ইসমাইল হুসাইন, ডা. রিতা দাশ, রিপন দত্ত, উৎপল বড়ুয়া প্রমুখ।

বক্তারা বলেন, পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চলবে।

সরফভাটায় স্থায়ী খেলার মাঠের দাবিতে প্রীতি ক্রিকেট ম্যাচ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় যুবসমাজকে মাদকের আসক্তি থেকে দূরে রাখা এবং শিশু-কিশোরদের বিনোদন ও স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে স্থায়ী খেলার মাঠের দাবিতে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন সরফভাটা ইউনিয়নের পুড়ামুড়া এলাকার একটি মাঠে এ ম্যাচের আয়োজন করা হয়। এতে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় ক্রীড়ামোদীরাও অংশ নেন।

১৬ ওভারের খেলায় টস জিতে ব্যাট করতে নেমে সরফভাটার তরুণ ক্রিকেটাররা ২১৪ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে সরফভাটার সাবেক ক্রিকেটাররা ১৫০ রানে অলআউট হলে ৬৪ রানের ব্যবধানে জয় পায় উদীয়মান তরুণ ক্রিকেটাররা।

খেলায় অংশগ্রহণ করেন এস এ মুরাদ চৌধুরী, সোহেল রানা, রিকু, মামুন, জামাল, জুয়েল, মুন্না, সোহেল, ইউনুস, সাঈদ, সাজ্জাদ, তারেক, ওসমান, আকিব, ইরফান সিফাত, কোরবান প্রমুখ।

এ সময় ক্রীড়া সংগঠক এস এ মুরাদ চৌধুরী বলেন, সরফভাটা রাঙ্গুনিয়ার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন, যেখানে প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস রয়েছে। অথচ এ এলাকায় সর্বসাধারণের জন্য কোনো স্থায়ী খেলার মাঠ নেই। যে স্থানে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সেটিও ব্যক্তিমালিকানাধীন জায়গা। উপজেলার অন্যান্য ইউনিয়নে খেলার মাঠ থাকলেও সরফভাটা দীর্ঘদিন ধরে এ সুবিধা থেকে বঞ্চিত।

এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সরফভাটায় একটি স্থায়ী খেলার মাঠ নির্মাণের জোর দাবি জানান।

আয়োজকেরা জানান, স্থানীয় ক্রীড়াপ্রেমীরা দীর্ঘদিন ধরে একটি স্থায়ী খেলার মাঠের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। প্রীতি ম্যাচের মাধ্যমে আবারও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

আয়োজকদের মতে, এলাকায় একটি খেলার মাঠ নির্মিত হলে তরুণ প্রজন্ম খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হবে, যা মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে সহায়ক হবে এবং সামাজিক শান্তি ও সুস্থ পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব মহিবুল্লাহ মারুফী, আজগর, আলমগীর সিকদার, মান্নান, লিয়াকত, সবুজ, বি,এস করিম, এস,এম সালাউদ্দীন প্রমুখ।

চট্টগ্রামে মাটি ধসে দুই শ্রমিক নিহত, আহত দুই

চট্টগ্রাম: চট্টগ্রামের হালিশহর থানাধীন আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় মাটি খননের সময় ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে একটি নির্মাণ প্রকল্পের আওতায় খননকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, খননের সময় হঠাৎ মাটি ধসে পড়লে চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন।

পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন দিনাজপুর জেলার রাকিব ও তুষার। আহত সাগর ও এরশাদ বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। অন্যদিকে, চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বশীল কর্মকর্তা জানান, আহতদের চিকিৎসা চলছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

 

গণশুনানীতে মিলছে তাৎক্ষণিক সহায়তা, চট্টগ্রামে আস্থার প্রতীক হয়ে উঠছে জেলা প্রশাসনের উদ্যোগ

চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামে জেলা প্রশাসনের নিয়মিত গণশুনানি কার্যক্রম ধীরে ধীরে সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত হচ্ছে। অসহায়, দরিদ্র ও বিপর্যস্ত মানুষ তাদের নানা সমস্যার সমাধানের আশায় ভিড় করছেন এই আয়োজনে—যেখানে অভিযোগ শুধু শোনা নয়, অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক সহায়তাও দেওয়া হচ্ছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক গণশুনানীতে মানবিক একাধিক দৃশ্য উপস্থিতদের নাড়া দেয়। মাত্র ১৫ দিনের শিশুকে কোলে নিয়ে হাজির হন স্বামী পরিত্যক্তা সুরাইয়া বেগম। সন্তানের চিকিৎসা ও লালন-পালনের জন্য সহায়তা চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।

একই গণশুনানীতে আকবরশাহ এলাকার তাসলিমা আক্তার, যিনি কিডনি ও ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত, তিনিও সহায়তা পান। অসুস্থতার কারণে কর্মক্ষমতা হারানো এই নারী দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। তার আবেদন শুনে জেলা প্রশাসক তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি ভবিষ্যতে চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।

বন্দর এলাকার লাইজু বেগম তার সন্তানের চোখের চিকিৎসার জন্য সহায়তা চাইলে তাকেও আর্থিক সহায়তা দেওয়া হয়। একইভাবে সীতাকুণ্ডের ভাটিয়ারীর নাজমা বেগম, যিনি দীর্ঘদিন ধরে চর্মরোগে ভুগছেন, গণশুনানীতে আবেদন জানিয়ে সহায়তা পান।

মিরসরাই উপজেলার রেমন্ডু ফিলিপ রায় গুরুতর অসুস্থতায় একটি পা হারিয়ে কর্মক্ষমতা হারিয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় চরম অনিশ্চয়তায় থাকা এই ব্যক্তিকে সহায়তার পাশাপাশি তার সন্তানের পড়াশোনার বিষয়েও খোঁজ নেন জেলা প্রশাসক।

এছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত ও আর্থিক সংকটে থাকা আরও বেশ কয়েকজন ব্যক্তি—বিধবা মাছুমা, হৃদরোগে আক্রান্ত মাবিয়া খাতুন, স্বামীহারা নাহার, অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য আবেদনকারী আর্জিনা আক্তার এবং এক কলেজ শিক্ষার্থী—এই গণশুনানীতে সহায়তা পেয়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতি বুধবার আয়োজিত এই গণশুনানীতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রত্যাশীদের আবেদন ও অভিযোগ শোনা হয়। সর্বশেষ আয়োজনে ৭৪ জনের সমস্যা শোনা হয়েছে এবং তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিন ৯ জন অসুস্থ ব্যক্তি ও একজন শিক্ষার্থীকে নগদ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ৪৮ জন দুস্থ মানুষের মধ্যে চাল, ডাল, তেল, চিনি, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গণশুনানীতে আসা সেবাপ্রত্যাশীরা জানান, জেলা প্রশাসক ধৈর্যসহকারে তাদের কথা শোনেন এবং দ্রুত সিদ্ধান্ত নেন, যা তাদের মধ্যে আস্থা তৈরি করছে।

সংশ্লিষ্টদের মতে, এই গণশুনানি এখন শুধু প্রশাসনিক কার্যক্রম নয়—এটি ধীরে ধীরে মানুষের নির্ভরতার জায়গায় পরিণত হচ্ছে, যেখানে একটি মানবিক উদ্যোগ বদলে দিচ্ছে অসংখ্য মানুষের জীবন।

কাঁচা সড়কে ভরসা, বর্ষায় বন্ধ স্কুলে যাওয়া—রাঙ্গুনিয়ার হালিমপুরে শিক্ষার্থীদের দুর্ভোগ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : দুর্গম এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছে আশোবা ওয়াজেদ প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তবে যাতায়াতের একমাত্র কাঁচা সড়কের দুরবস্থার কারণে বর্ষা এলেই কার্যত থমকে যায় পাঠদান কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়ছে শত শত শিক্ষার্থী।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১ নম্বর রাজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হালিমপুর এলাকায় অবস্থিত বিদ্যালয়টি ২০১৯ সালে এলাকার কৃতি সন্তান অধ্যাপক ডা. ওয়াকিল আহমদ তাঁর মরহুম পিতা-মাতার নামে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে শিক্ষার প্রসার ঘটিয়ে ইতোমধ্যে অসংখ্য শিক্ষার্থীকে বিভিন্ন স্কুল ও কলেজে ভর্তির সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে বিদ্যালয়টি প্রাথমিক স্তর অতিক্রম করে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালনা করছে। প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এখানে নিয়মিত পড়াশোনা করছে। হালিমপুরসহ বাইশ্যের ডেবা, গাজী বাড়ি, বাইশ্যের বাড়ি, মোহাম্মদপুর, দরবানীর বাড়ি ও ফুল বাগিচা গ্রামের শিক্ষার্থীরা প্রতিদিন এক থেকে দুই কিলোমিটার পথ হেঁটে বিদ্যালয়ে আসে।

কিন্তু বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র কাঁচা সড়কটি এখন সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। শুষ্ক মৌসুমে কোনোভাবে চলাচল করা গেলেও বর্ষা এলেই সড়কটি কাদামাটিতে পরিণত হয়ে পড়ে। কোথাও হাঁটুসমান কাদা, কোথাও পিচ্ছিল ও জলাবদ্ধতা—সব মিলিয়ে সড়কটি তখন প্রায় অচল হয়ে যায়। ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া কার্যত বন্ধ হয়ে পড়ে এবং নিয়মিত পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হয়।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, “শুকনো মৌসুমে আমরা নিয়মিত স্কুলে আসতে পারি। কিন্তু বর্ষা শুরু হলেই রাস্তা দিয়ে হাঁটা যায় না। পড়ে যাওয়ার ভয় থাকে, কাপড় নষ্ট হয়ে যায়—তাই অনেক সময় স্কুলে আসা সম্ভব হয় না।”

অভিভাবকদের অভিযোগও একই। স্থানীয় এক অভিভাবক বলেন, “আমাদের সন্তানরা পড়াশোনা করুক—এটাই চাই। কিন্তু বর্ষাকালে রাস্তার অবস্থা এতটাই খারাপ থাকে যে তাদের স্কুলে পাঠাতে ভয় লাগে। অনেক সময় পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরাম হোসেন বলেন, “শুষ্ক মৌসুমে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতি থাকলেও বর্ষা এলেই তা অর্ধেকে নেমে আসে। অনেক শিক্ষার্থী নিয়মিত আসতে পারে না, ফলে তাদের পড়াশোনায় বড় ধরনের ক্ষতি হচ্ছে। সড়কটির উন্নয়ন হলে শিক্ষার পরিবেশ অনেক ভালো হবে।”

স্থানীয় বাসিন্দা বখতেয়ার উদ্দিন বলেন, “এই বিদ্যালয় প্রতিষ্ঠার ফলে এলাকায় শিক্ষার প্রসার ঘটেছে, যা অত্যন্ত ইতিবাচক। কিন্তু সড়কের এমন বেহাল অবস্থার কারণে সেই সুফল পুরোপুরি পাওয়া যাচ্ছে না। দ্রুত সড়কটি সংস্কার করা অত্যন্ত জরুরি।”

এলাকাবাসীর পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর কাছে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে এমপির প্রতিনিধি ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী জানান, “বিষয়টি আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হবে।”

এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করে বর্ষা মৌসুমেও চলাচল উপযোগী করা হোক।

রাঙ্গুনিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ঘিরে ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়ার ক্রীড়াঙ্গনে আবারও ফিরছে প্রাণচাঞ্চল্য। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা জুড়ে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা ও আগ্রহ।

এই কর্মসূচিকে বাস্তব রূপ দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করছেন।

বুধবার (২২ এপ্রিল) তিনি রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়, চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, মজুমদারখীল উচ্চ বিদ্যালয় এবং খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা। প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তারা খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

বক্তব্যে তারা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা একটি সুস্থ, আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে বের করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য নির্ধারিত এই কর্মসূচিতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্ট রাখা হয়েছে। উপজেলা প্রশাসন ও ক্রীড়া পরিদপ্তরের যৌথ ব্যবস্থাপনায় ধাপে ধাপে বাছাইয়ের মাধ্যমে সেরা প্রতিভাদের খুঁজে বের করে তাদের উন্নত প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।

স্কুলভিত্তিক এই কার্যক্রমে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেকেই ইতোমধ্যে বিভিন্ন খেলায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। শিক্ষক ও অভিভাবকরাও উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এখন আর শুধু একটি কর্মসূচি নয়—রাঙ্গুনিয়ার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করার এক শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠছে।

রাঙ্গুনিয়ায় পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি-নাস্তা বিতরণ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : সারাদেশের ন্যায় রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিতব্য ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষাকে ঘিরে কেন্দ্রের বাইরে অবস্থানরত গরমে অতিষ্ঠ অভিভাবকদের স্বস্তি দিতে ও অসুস্থতা এড়াতে সচেতনতামূলক ও মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ গ্রহণ করেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর প্রচণ্ড গরমে উপজেলার রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও নাস্তা বিতরণ করা হয়।

সংসদ সদস্য রাষ্ট্রীয় ও দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় তার পক্ষ থেকে ব্যক্তিগত সচিব মহিবুল কবির তমাল উপস্থিত হয়ে অভিভাবকদের মাঝে পানির বোতল ও নাস্তা বিতরণ করেন। এ সময় তিনি অভিভাবকদের খোঁজখবর নেন এবং পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানান।

তীব্র গরমে দীর্ঘ সময় অপেক্ষারত অভিভাবকদের কিছুটা স্বস্তি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। এমন মানবিক কার্যক্রমকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরাও।

ধারাবাহিকভাবে উপজেলার অন্যান্য পরীক্ষাকেন্দ্রেও এ কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এ সময় উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ভিপি আনছুর উদ্দিনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাঙ্গুনিয়ায় কাল থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, টিকা পাবে ৫২,৯০৬ শিশু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। এই কার্যক্রম চলবে আগামী ১০ মে পর্যন্ত।

উপজেলায় মোট ৫২ হাজার ৯০৬ জন শিশুকে স্কুল ও কমিউনিটি পর্যায়ে স্থাপিত টিকাদান কেন্দ্রের মাধ্যমে এ টিকা প্রদান করা হবে।

এ উপলক্ষে রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাব জমিলা।

সভায় জানানো হয়, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে উপজেলার সব টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

সভায় আরও বলা হয়, হাম ও রুবেলা প্রতিরোধে এ টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত কেন্দ্রে এসে শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

এডভোকেসি সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদকমুক্ত রাঙ্গুনিয়া গড়তে জড়িতদের তালিকা চাইলেন এমপি হুমাম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়াকে মাদকমুক্ত করতে এবং মাদকের ভয়াবহ কবল থেকে যুবসমাজকে রক্ষা করতে মাদকসেবি ও কারবারিদের তালিকা সরাসরি নিজের কাছেই দিতে আহ্বান জানিয়েছেন রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আয়োজনে উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী খালের ওপর নির্মিত বক্স কালভার্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুমাম কাদের চৌধুরী বলেন, তার জানামতে গত ২০ থেকে ২৫ বছর ধরে কাপ্তাই সড়ক চার লেন করার প্রতিশ্রুতি দিয়ে আসা হলেও তা বাস্তবায়ন হয়নি। তবে আগামী সপ্তাহে এ সড়ক চার লেন করার কাজের উদ্বোধন করা হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, “এই ছোট ছোট কাজগুলো আমরা যদি সময়মতো করতে পারি, তাহলে ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে রাঙ্গুনিয়ার চেহারা পাল্টে দেওয়া সম্ভব।”

নিজ দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা নিজ নিজ এলাকা ও ইউনিয়নে নেতৃত্ব দিতে চান, তাদের দায়িত্বপালন শুরু করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, “বক্তৃতা দিয়ে আর ভোট হবে না, এবার কাজের মাধ্যমে ভোট আসবে। সামনে ইউনিয়ন নির্বাচন রয়েছে। এই নির্বাচনে আপনাদের কাজ যদি মানুষ না দেখে, তাহলে কেউ ভোট দেবে না। সেকারণে নিজেদের প্রস্তুত করে কাজে নামতে হবে।”

তিনি আরও বলেন, রাঙ্গুনিয়ায় সম্ভবত প্রথমবারের মতো একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে, যেখানে কাউকে চাঁদা দিতে হয়নি, সময় অপচয় হয়নি এবং নির্ধারিত সময়েই উদ্বোধন করা সম্ভব হয়েছে। এ সময় তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, “আগামীবার যখন এখানে আসব, দোয়া করি গাড়িতে করে আসতে পারি। তাই দ্রুত এই রাস্তার কাজ শুরু করতে হবে।”

তিনি বলেন, “আপনাদের এলাকায় যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে ধরিয়ে দিতে হবে। আমি বুঝি, অনেকেই আপনাদের চেনাপরিচিত মানুষ। অনেক সময় বলা হয়—ছেলেটা খারাপ হয়ে গেছে, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু এটি ভুল ধারণা, এভাবে কেউ ভালো হয় না। প্রয়োজনে এক বছর জেলে থাকলে সে ভালো হয়ে যেতে পারে। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন, কারণ আপনারাই জানেন কারা এসব কর্মকাণ্ডে জড়িত।”

তিনি আরও বলেন, “মাদক কারবারিদের তালিকা প্রশাসনকে দিতে ভয় পেলে আমাকে দিন, আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” তিনি বলেন, “সমাজকে ঠিক করতে না পারলে রাঙ্গুনিয়ার উন্নয়নও থেমে থাকবে।”

এ সময় এমপি হুমাম কাদের চৌধুরী বলেন, “আজ আরেকটি ওয়াদা করে যাচ্ছি—রাঙ্গুনিয়ায় যখনই ঢুকব, নতুন কিছু নিয়ে আসব।” তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা এবং পদুয়ায় একটি হাসপাতাল নির্মাণের জন্যও আবেদন করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে একইদিন বিকেলে উপজেলার দীর্ঘদিন ধরে মৃতপ্রায় শিলক খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন সিনিয়র সহকারী প্রকৌশলী তমাল দাশ।

রাঙ্গুনিয়ায় শিলক খাল পুনঃখনন শুরু, উদ্বোধন করলেন এমপি হুমাম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দীর্ঘদিন ধরে মৃতপ্রায় শিলক খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) উদ্যোগে পরিচালিত এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নিজ হাতে মাটি কেটে খনন কাজের সূচনা করেন।

উদ্বোধনী বক্তব্যে এমপি হুমাম কাদের চৌধুরী বলেন, নির্বাচনের পর থেকেই সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ শুরু করেছে। কৃষকদের স্বার্থ রক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, যার মধ্যে স্বল্প পরিসরের কৃষি ঋণ মওকুফের বিষয়টিও রয়েছে। তিনি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে।”

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচি একটি যুগান্তকারী উদ্যোগ ছিল, যা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। বর্তমানে সেই কার্যক্রম পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। “যত বাধা থাকুক, খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে—এটাই জনগণের প্রত্যাশা,” বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন সিনিয়র সহকারী প্রকৌশলী তমাল দাশ।

পরে এমপি হুমাম কাদের চৌধুরী পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী খালের ওপর নির্মিত একটি বক্স কালভার্ট উদ্বোধন করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এ খাল পুনঃখনন সম্পন্ন হলে প্রায় ৫০০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে। এতে এলাকার বিপুলসংখ্যক কৃষক উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উন্নয়ন কাজে গাফিলতি নয়, গুণগত মানে জোর দিলেন চট্টগ্রামের ডিসি

ডেস্ক: চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জনসেবায় জবাবদিহি, স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর, জনসেবা কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, হয়রানিমুক্ত পরিবেশে নির্ধারিত সময়ের মধ্যে ভূমি সংক্রান্ত সেবা নিশ্চিত করতে হবে। প্রশাসনকে এমনভাবে কাজ করতে হবে যেন মানুষের কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করা যায়। এক সময় সরকারি সেবার প্রতি মানুষের আস্থা কমে গেলেও সম্মিলিত প্রচেষ্টায় ফিরে আসা সেই আস্থা ধরে রাখা সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে গুণগত মান নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রের অর্থ অপচয়ের কোনো সুযোগ নেই। সীমিত সম্পদের মধ্যেই সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করতে হবে। কর্মকর্তাদের অজুহাত নয়, সমস্যা সমাধানের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে জেলা প্রশাসক মিরসরাই থানা পরিদর্শন করেন। সেখানে তিনি থানার বিভিন্ন রেজিস্টার, ক্রাইম ম্যাপ ও নথিপত্র পর্যালোচনা করেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নেন। এ সময় জিআর ও সিআর সংক্রান্ত পেন্ডিং মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেন তিনি। থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন তাকে অপরাধ পরিস্থিতি ও মামলার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

পরবর্তীতে তিনি মিরসরাই ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে সেবা প্রদান প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার নির্দেশ দেন। ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশদের সঙ্গে মতবিনিময়কালে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

এরপর উপজেলা ভূমি অফিস ও ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক। সেখানে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন এবং ভূমি সেবায় স্বচ্ছতা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

মিরসরাই পৌরসভা পরিদর্শনকালে এলজিইডি বাস্তবায়নাধীন দূর্গাপুর ইউনিয়ন পরিষদ থেকে কাটাছড়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৪ দশমিক ২ কিলোমিটার সড়ক সম্প্রসারণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। কাজের অগ্রগতি, নির্মাণমান ও উপকরণের গুণগত মান যাচাই করে সংশ্লিষ্টদের গাফিলতি না করার নির্দেশ দেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনজন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল, ক্রিকেট ব্যাট, গ্লাভস ও বাস্কেটবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সাধারণ মানুষ, বিশেষ করে অসহায় জনগোষ্ঠী সরকারি সেবার ওপর নির্ভরশীল। তাই স্বাস্থ্যসহ সব খাতে মানবিক ও আন্তরিক সেবা নিশ্চিত করতে হবে। কেউ যেন সেবা নিতে এসে খালি হাতে ফিরে না যায়, সেটি নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সবার।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল দপ্তরকে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

রাঙ্গুনিয়ায় পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারে পুলিশের নির্দেশনা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানার আওতাধীন বিভিন্ন পূজামণ্ডপে চুরি ও অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি এড়াতে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে পুলিশ প্রশাসন। প্রতিটি মণ্ডপে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করা এবং নৈশপ্রহরী নিয়োগের জন্য সংশ্লিষ্ট মন্দির কমিটিগুলোকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রে এই নির্দেশনা দেওয়া হয়।

পত্রে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে চুরি ও নিরাপত্তাজনিত নানা সমস্যার ঘটনা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে ধর্মীয় উৎসবের সময় বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটলে মণ্ডপগুলোতে চুরি ও ভাঙচুরের আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধ করতেই এই আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। তবে মন্দির কর্তৃপক্ষ যদি নিজস্ব ব্যবস্থাপনায় সিসি ক্যামেরা, পর্যাপ্ত আলোকসজ্জা ও নৈশপ্রহরীর ব্যবস্থা গ্রহণ করে, তাহলে চুরি ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

ইতোমধ্যে উক্ত নির্দেশনার অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত, রাঙ্গুনিয়া উপজেলায় বর্তমানে মোট ১০৬টি পূজামণ্ডপ রয়েছে।

রাঙ্গুনিয়ায় অবৈধ টায়ার ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কার্যক্রম বন্ধ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট সত্যপীর মাজার গেইট এলাকায় অবস্থিত একটি অবৈধ টায়ার ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এর কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে পরিচালিত এ অভিযানে ফ্যাক্টরিটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং তাৎক্ষণিকভাবে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ। এ সময় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর এবং রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, ফ্যাক্টরিটিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে টায়ার পুড়িয়ে বিটুমিন উৎপাদন করা হচ্ছিল, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

প্রশাসন আরও জানায়, এ ধরনের অবৈধ ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

গরু চুরি ঠেকাতে রাঙ্গুনিয়ায় পুলিশের মাঠে প্রচার, ওসির সতর্কবার্তা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গরু চুরি প্রতিরোধে সচেতনতা বাড়াতে স্থানীয় গরুর বাজারে ক্রেতা ও বিক্রেতাদের নিয়ে আলোচনা সভা করেছে পুলিশ।

শনিবার বিকালে উপজেলার রানীরহাট গরুর বাজারে এ সচেতনতামূলক সভার আয়োজন করে রাঙ্গুনিয়া মডেল থানা।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, গরু চুরি রোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বাজারে আগত ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে সরাসরি আলোচনা করে তাদের সচেতন করা হচ্ছে।

বাজার কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে চোরাই গরু কেনাবেচা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তি চোরাই গরু কেনাবেচার সঙ্গে জড়িত থাকলে বা এ ধরনের তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা গরু চুরি প্রতিরোধে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তথ্য প্রযুক্তির সহায়তায় চেকপোস্টে অভিযান, দক্ষিণ রাঙ্গুনিয়ায় দুই একনলা বন্দুক উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় চেকপোস্ট পরিচালনা করে দুইটি একনলা বন্দুক উদ্ধার করেছে।

শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের তথ্য জানান দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে ওসি জানান, ১০ এপ্রিল রাতে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে।

পরে পুলিশ ধাওয়া করে সিএনজিটি আটক করতে সক্ষম হয়। তল্লাশি চালিয়ে সিএনজির ভেতর থেকে দুইটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় সিএনজি চালক পালিয়ে যায়।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ আরও  জানান, পলাতক সিএনজি চালককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রাঙ্গুনিয়ায় নিখোঁজ দুই স্কুলছাত্রী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পৃথক স্থান থেকে তাদের উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ৪ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়া থানার বিভিন্ন এলাকা থেকে দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় তাদের অভিভাবকরা থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি নং-১৮৪ ও ১৮৫) দায়ের করেন।

নিখোঁজের পরপরই ওসি মো. আরমান হোসেনের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান তদন্ত শুরু করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে জিডি নং-১৮৪-এর ভুক্তভোগীকে সীতাকুণ্ড থানার কুমিরা এলাকা থেকে উদ্ধার করা হয়। একই সময়ে জিডি নং-১৮৫-এর অপর ভুক্তভোগীকে পঞ্চগড় জেলা থেকে উদ্ধার করা হয়।

ওসি মো. আরমান হোসেন জানান, উদ্ধার হওয়া দুই ছাত্রীই সুস্থ রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে রাঙ্গুনিয়া থানা পুলিশ সবসময় তৎপর রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

রাঙ্গুনিয়ায় মন্দিরে দুর্ধর্ষ চুরি, দানবাক্স ভেঙে টাকা ও অলংকার লুট

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি হিন্দু মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতের আঁধারে মন্দিরে প্রবেশ করে দানবাক্স ভেঙে নগদ অর্থ ও অলংকার নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বুড়ির দোকান এলাকায় অবস্থিত মা মগদেশ্বরী মন্দিরে এ চুরির ঘটনা ধরা পড়ে।

মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী (৫০) জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে তিনি পূজা শেষে মন্দির বন্ধ করে বাড়িতে যান। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মন্দিরে এসে দেখেন, কলাপসিবল গেটের তালা ভাঙা এবং ভেতরের দানবাক্সের তালাও ভাঙা অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, মন্দিরের প্রতিমার গায়ে থাকা লাল কাপড় সরিয়ে দুর্বৃত্তরা একটি ইমিটেশন (নকল) হার নিয়ে গেছে। এছাড়া মন্দিরের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দানবাক্সে আনুমানিক ১০ থেকে ১২ হাজার টাকা ছিল বলে ধারণা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৭টার মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, মন্দির কর্তৃপক্ষ থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।