রাঙ্গুনিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন এলাকায় বজ্রপাতে মো. আমির শরীফ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে কালবৈশাখী ঝড় চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমির শরীফ পেশায় একজন বর্গাচাষী ছিলেন। ঘটনার দিন বিকেলে তিনি বাড়ির পাশের বিলে বর্গা নেওয়া জমিতে সেচ দিতে যান। কাজ শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত হতে তাকে চন্দ্রঘোনা হেলথকেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

নিহত আমির শরীফ উপজেলার শান্তিনিকেতন দক্ষিণ পাড়ার অলি আহমদ মাস্টারের বাড়ির মৃত লেদু হাজীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতোই কৃষিকাজে মাঠে গিয়েছিলেন তিনি। সেচ দিয়ে ফেরার পথেই বজ্রপাতে তার মৃত্যু হয়, যা পরিবারে শোকের ছায়া নেমে এনেছে।

রাঙ্গুনিয়ায় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল, রাজাভুবন ও গজালিয়ার জয়োল্লাস

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়ার শিশুমেলা মডেল স্কুল মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক ও বালিকা) এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বালক বিভাগে রাজাভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একইভাবে বালিকা বিভাগে গজালিয়া আছাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিরোপা জিতে নেয়।

খেলা ঘিরে মাঠজুড়ে ছিল শিশু শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, গ্যালারিতে অভিভাবকদের উচ্ছ্বাস এবং শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি। প্রতিটি আক্রমণ, গোল ও রক্ষণভাগের লড়াইয়ে ফুটে ওঠে শিক্ষার্থীদের উদ্দীপনা ও আত্মবিশ্বাস।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা লিপি রাণী গোপ। এ সময় সহকারী শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, খেলাধুলা শিশু শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তাদের মধ্যে শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, রাঙ্গুনিয়ার আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গঠনে সহায়ক ভূমিকা রাখে।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়।

রাঙ্গুনিয়ায় সেচ পাম্পের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু, অব্যবস্থাপনার অভিযোগ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটায় সেচ পাম্পের অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে মো. আবছার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত শুক্রবার বিকেলে উপজেলার সরফভাটা ইউনিয়নের দক্ষিণ সিকদারপাড়া এলাকার কৃষি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. আবছার মরিয়মনগর ইউনিয়নের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সরফভাটার দক্ষিণ সিকদারপাড়া এলাকায় বসবাস করছিলেন। তিনি পেশায় কৃষিকাজ করতেন।

স্থানীয়সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি বাড়ির পাশে মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এরপর দুপুর গড়িয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলের দিকে কৃষি জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

এলাকাবাসীর দাবি, একটি ব্যক্তি মালিকানাধীন সেচ পাম্পের বৈদ্যুতিক তার কলাগাছের সঙ্গে ঝুলন্ত ও খোলা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, ওই খোলা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খুঁজতে বের হলে তার মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে রাতে মরদেহ নিজ গ্রাম মরিয়মনগরে নিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত অবস্থায় পড়ে ছিল। তাদের দাবি, ওই অব্যবস্থাপনাই এই মৃত্যুর কারণ।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে রাঙ্গুনিয়ার আবু আহমেদ হাসনাত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রাঙ্গুনিয়ার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এ অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকদের পাশাপাশি স্থানীয় ক্রীড়ানুরাগী হিসেবে আবু আহমেদ হাসনাতকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারার আলোকে গঠিত এই অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনা এবং পরবর্তী নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, আবু আহমেদ হাসনাত এর আগে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন। স্থানীয় পর্যায়ে ক্রীড়া উন্নয়ন ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণেই তাকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন বিভাগীয় কমিশনার। সদস্য হিসেবে থাকবেন ডিআইজি, পুলিশ কমিশনার, স্থানীয় সরকার পরিচালক, বিভাগীয় সমবায় অফিসের যুগ্ম নিবন্ধক এবং ক্রীড়াবিদ আবু আহমেদ হাসনাত। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ মো. মসিউল আলম।

রাঙ্গুনিয়ায় সড়ক-সেতু উন্নয়ন উদ্বোধন, কাপ্তাই সড়ক চার লেনের উদ্যোগের কথা জানালেন এমপি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়ায় সড়ক ও সেতুর বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। এ সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগের বিষয়ে কথা বলেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত পদুয়া রাজারহাট-কমলাছড়ি ব্রীজঘাটা খুরুশিয়া আবদুল হামিদ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কাপ্তাই সড়ক চার লেনে উন্নীত করা এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এবং এটি বাস্তবায়নে সরকার এগোচ্ছে। প্রকল্পটি চলতি বাজেটে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং দ্রুত কাজ শুরুর বিষয়ে সংশ্লিষ্ট প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

এ সময় উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, এলজিইডির অধীনে আবদুল হামিদ সড়কটি কার্পেটিং করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কটি সংস্কারের ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেন, এলজিইডির গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট উন্নয়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নত হবে। উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।

একই দিন তিনি “ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন” প্রকল্পের আওতায় পেকুয়া সড়কের একটি ৩৯ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুর উদ্বোধন করেন। পাশাপাশি গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্পের অধীনে পশ্চিম সরফভাটা এলাকার ক্ষেত্রবাজার-কালুরঘাট-চরণদ্বীপ সড়কের উন্নয়ন কাজেরও উদ্বোধন করা হয়।