রাঙ্গুনিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের মিলনমেলা, শান্তিপূর্ণভাবে খেলা উপভোগের আহ্বান

রাঙ্গুনিয়া : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের মিলনমেলা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জনপ্রিয় ফুটবল তারকা লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে শোভাযাত্রার উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। এসময় শতশত আর্জেন্টিনা সমর্থক উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি কাপ্তাই-চট্টগ্রাম সড়কের হরিণ গেইট পর্যন্ত প্রদক্ষিণ করে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. নাজমুল হাসান বলেন, “আমরা প্রত্যাশা করি, ফুটবলের মাধ্যমে আর্জেন্টিনা আবারও বিজয় অর্জন করবে এবং ধারাবাহিকতা বজায় রাখবে। তবে খেলাকে কেন্দ্র করে কোনো ধরনের ব্যক্তিগত বিদ্বেষ বা কটুক্তি করা যাবে না। ব্রাজিলসহ অন্যান্য দলের সমর্থকদের প্রতিও সম্মান দেখিয়ে সবাই যেন শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করেন।”

তিনি আরও বলেন, “খেলা আমাদের শৃঙ্খলা শেখায়। সেই শিক্ষা বাস্তব জীবনেও অনুসরণ করা উচিত। সবাই যেন নেশা ও জুয়া থেকে দূরে থাকি।” এসময় তিনি উপস্থিত ভক্তদের হাত উঁচিয়ে নেশা ও জুয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।

মেসিকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার উল্লেখ করে ইউএনও বলেন, “মেসির মতো খেলোয়াড়ের প্রতি মানুষের ভালোবাসা থাকাটা স্বাভাবিক। আগের প্রজন্ম যেমন ম্যারাডোনার ভক্ত ছিলেন, বর্তমান প্রজন্মের অনেকেই মেসিকে অনুসরণ করেই আর্জেন্টিনার সমর্থক হয়েছেন।”

আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও বাইরের বিভিন্ন স্থান থেকে আর্জেন্টিনা সমর্থকরা এ আয়োজনে অংশ নেন। তরুণ সমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ আয়োজন করা হয়েছে।

এর আগে গত ১০ জুন রাঙ্গুনিয়ায় ব্রাজিল ফুটবল সমর্থকদের উদ্যোগে ‘ফ্যান গেট-টুগেদার ২০২৬’ শীর্ষক দিনব্যাপী মিলনমেলা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলার ড্রিম রেস্টুরেন্টে আয়োজিত ওই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে নিবন্ধিত ব্রাজিল সমর্থক ও ফুটবলপ্রেমীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রহিম উদ্দিন সিকদার ও প্রকৌশলী মোহাম্মদ মাসুদুর রহমানসহ আরও অনেকে।

দিনব্যাপী আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, জায়ান্ট স্ক্রিনে ব্রাজিলের ঐতিহাসিক ম্যাচ প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, কেক কাটা, মধ্যাহ্নভোজ, মিনি গেমস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আয়োজকদের ভাষ্য, ব্রাজিলিয়ান ফুটবলের প্রতি ভালোবাসা ও সমর্থকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এ আয়োজন করা হয়েছিল।

ক্রিকেট ম্যাচে হুমামকে হারিয়ে সামানজারের জয়, সম্মাননা পেল সাহসী চার কিশোর

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল কর্ণফুলী নদীতে ঝাঁপিয়ে পড়ে নৌকাডুবির ঘটনায় পাঁচজনকে উদ্ধার করা সেই চার সাহসী কিশোরকে সম্মাননা দিয়েছে উপজেলা প্রশাসন। সম্মাননা তুলে দেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

মঙ্গলবার (২ জুন) বিকেলে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ সময় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি শোক ও সহমর্মিতা জানিয়ে নগদ অর্থ, টিন ও শুকনো খাবারসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। সাহসী চার কিশোরকে জড়িয়ে ধরে তাদের মানবিক ও সাহসী ভূমিকার প্রশংসা করেন এমপি হুমাম কাদের চৌধুরী। একই সঙ্গে উদ্ধার হওয়া শিশু ও তার অভিভাবকদের সান্ত্বনা দেন তিনি।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একে এস খান হোল্ডিংস ও একে এস খান হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ক্রীড়াপ্রেমী দর্শক, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ফাইনালে অংশ নেওয়া পৌরসভা ক্রিকেট একাদশ ও সরফভাটা ইউনিয়ন ক্রিকেট একাদশের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় করেন অতিথিরা। উদ্বোধনী পর্বে হুমাম কাদের চৌধুরীর করা বলে ব্যাট চালিয়ে প্রতীকী উদ্বোধন করেন সামানজার খান।

টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় সরফভাটা ইউনিয়ন ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পৌরসভা ক্রিকেট একাদশ। খেলায় পৌরসভা দলের সমর্থনে ছিলেন সামানজার খান, আর সরফভাটা ইউনিয়ন দলের পক্ষে সমর্থন জানান এমপি হুমাম কাদের চৌধুরী। শেষ পর্যন্ত হুমামের সমর্থিত দলকে হারিয়ে শিরোপা জিতে নেয় সামানজারের সমর্থিত দল।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উদ্ধারকাজে সাহসিকতার পরিচয় দেওয়া চার কিশোর— মুহাম্মদ রবিউল্লাহ, মুহাম্মদ সাইমন, মুহাম্মদ আব্দুল্লাহ ও মুহাম্মদ অলিউল্লাহর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এমপি হুমাম কাদের চৌধুরী, সামানজার খান এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও উদ্ধার হওয়া শিশুর পরিবারের হাতে নগদ অর্থ, শুকনো খাবার ও অন্যান্য উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এর আগে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে টিন পৌঁছে দেওয়া হয় বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন অতিথিরা।

উল্লেখ্য, গত ২৭ মে কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় একই পরিবারের কয়েকজন সদস্য দুর্ঘটনার শিকার হন। স্থানীয় চার কিশোরের সাহসিকতায় দুই শিশুসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নববধূ কনিকা দাশ নিখোঁজ হন। ঘটনার পর থেকে বিভিন্ন সংস্থা ও স্থানীয়দের উদ্যোগে অনুসন্ধান চালানো হলেও সর্বশেষ তথ্য অনুযায়ী তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে অনুষ্ঠানের স্মারক হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথি হুমাম কাদের চৌধুরী ও সম্মানিত অতিথি সামানজার খানের হাতে ক্রেস্ট তুলে দেন ইউএনও মো. নাজমুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার পর ব্যস্ততার কারণে অংশ নিতে পারবেন কি না তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। পরে তিনি ভাবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন ক্রীড়াপ্রেমী এবং আরাফাত রহমান খোকো জীবিত থাকাকালে বাংলাদেশের ক্রিকেটের জন্য নিরলসভাবে কাজ করেছেন। সেই চিন্তা থেকেই শত ব্যস্ততার মাঝেও এ আয়োজনে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতেই তিনি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের এবং উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।

খেলোয়াড়দের উৎসাহ দিয়ে হুমাম কাদের চৌধুরী বলেন, নিজস্ব মাঠ না থাকা সত্ত্বেও সরফভাটা ইউনিয়ন দল ফাইনালে পৌঁছেছে, যা প্রশংসনীয়। সরফভাটায় একটি খেলার মাঠ নির্মাণ করা গেলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল আসবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতে জাতীয় ক্রিকেট ও ফুটবল দলে রাঙ্গুনিয়ার প্রতিনিধিত্ব দেখতে চান বলেও জানান তিনি। খেলাধুলার উন্নয়নে সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।

এ সময় তিনি ঘোষণা দেন, আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচ উপভোগের জন্য আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টের দুই দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্টদের টিকিটের ব্যবস্থা করবেন তিনি। পরে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দায়িত্বশীল জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় ডিসি জাহিদুল ইসলাম

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক : “একটি দায়িত্বশীল ও সুস্থ জাতি গঠনে ক্রীড়ার কোনো বিকল্প নেই। খেলাধুলা আমাদের বাস্তব জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জয়কে কীভাবে উপভোগ করতে হয়, পরাজয়কে কীভাবে মেনে নিতে হয়—এসব আমরা খেলাধুলার মাধ্যমেই শিখি।”

এভাবেই তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার (১৮ মে) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় উপজেলা প্রশাসন আয়োজিত “অন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।

জেলা প্রশাসক বলেন, মানুষের জীবন ও খেলাধুলার মধ্যে অনেক মিল রয়েছে। জীবনে যেমন সবসময় সুখ বা ভালো সময় থাকে না, তেমনি খেলাধুলাতেও সবসময় জয় আসে না। জয়-পরাজয় মিলিয়েই প্রতিটি খেলা। তবে পরাজয়ের পর নিজেকে গুটিয়ে না নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাই একজন মানুষকে সফলতার পথে নিয়ে যায়।

তিনি বলেন, “যদি কেউ পরাজয়ের পর নিজেকে গুটিয়ে নেয়, তাহলে সে সত্যিকার অর্থে হেরে যায়। কিন্তু যদি সে নিজের চেষ্টা ধরে রাখে, তাহলে তার জয় অনিবার্য।”

বর্তমান বিশ্বকে প্রতিযোগিতাপূর্ণ উল্লেখ করে ডিসি বলেন, যার যত দক্ষতা ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রয়েছে, তার নিজের যোগ্যতা প্রমাণের সুযোগও তত বেশি। এজন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্নকে ধারণ করে নিজেকে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, “পরিশ্রম, অধ্যবসায় ও লক্ষ্য ছাড়া সুন্দর কিছু সৃষ্টি করা সম্ভব নয়। তরুণদের সামনে এখন অনেক দায়িত্ব। শুধু সফল হওয়াই নয়, একজন ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে।”

তরুণ সমাজের সামনে বর্তমানে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, মাদকাসক্তি এবং ইন্টারনেটভিত্তিক বিভিন্ন গেমে আসক্তি তরুণদের বিপথে নিয়ে যাচ্ছে। প্রযুক্তির নেতিবাচক ব্যবহারের কারণে সামাজিক অস্থিরতাও বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

দেশের ১৮ কোটি মানুষ ও ৩৬ কোটি হাতকে দেশের মূল সম্পদ উল্লেখ করে তিনি বলেন, “এই সম্পদ যদি প্রযুক্তির নেতিবাচক দিকের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই তরুণদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে।”

এ সময় অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের সামনে নিজেদের আদর্শ ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করতে হবে, যাতে তারা বড়দের অনুসরণ ও অনুকরণ করতে শেখে।

সন্তানদের সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাবা-মা যদি সন্তানকে সময় না দেন, তাহলে বড় হয়ে সন্তানেরাও বাবা-মাকে সময় দেবে না। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে সবাই নিরাপদে বসবাস করতে পারবে।”

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক উপজেলার পোমরা ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও ইউনিয়ন পরিষদস্থ পাবলিক লাইব্রেরি উদ্বোধন করেন। পরে উপজেলা আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসময় উপজেলাস্থ সেবাপ্রার্থীদের জন্য ওয়েটিং রুম কাম লাইব্রেরি উদ্বোধন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও রাঙ্গুনিয়ায় বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও রাঙ্গুনিয়া মডেল থানা পরিদর্শন করেন তিনি।

 

নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই ঘিরে রাঙ্গুনিয়ায় প্রস্তুতি সভা, গঠন একাধিক উপ-কমিটি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : “নতুন কুঁড়ি স্পোর্টস” উপজেলা পর্যায়ের বাছাইপর্ব সফলভাবে আয়োজনের লক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলায় একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে বিভিন্ন ইভেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক উপ-কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইকবাল আহমেদ, ক্রীড়াবিদ ও সাংবাদিক আব্বাস হোসাইন এবং ইসমাঈল হোসেন।

সভায় জানানো হয়, আগামী ২৯ এপ্রিল রাঙ্গুনিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ক্রিকেট এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ফুটবল ইভেন্টের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এছাড়া ৩০ এপ্রিল উপজেলার বিভিন্ন স্থানে অন্যান্য ইভেন্টের আয়োজন করা হবে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তুলতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

রাঙ্গুনিয়ায় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল, রাজাভুবন ও গজালিয়ার জয়োল্লাস

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়ার শিশুমেলা মডেল স্কুল মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক ও বালিকা) এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বালক বিভাগে রাজাভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একইভাবে বালিকা বিভাগে গজালিয়া আছাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিরোপা জিতে নেয়।

খেলা ঘিরে মাঠজুড়ে ছিল শিশু শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, গ্যালারিতে অভিভাবকদের উচ্ছ্বাস এবং শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি। প্রতিটি আক্রমণ, গোল ও রক্ষণভাগের লড়াইয়ে ফুটে ওঠে শিক্ষার্থীদের উদ্দীপনা ও আত্মবিশ্বাস।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা লিপি রাণী গোপ। এ সময় সহকারী শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, খেলাধুলা শিশু শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তাদের মধ্যে শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, রাঙ্গুনিয়ার আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গঠনে সহায়ক ভূমিকা রাখে।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে রাঙ্গুনিয়ার আবু আহমেদ হাসনাত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রাঙ্গুনিয়ার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এ অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকদের পাশাপাশি স্থানীয় ক্রীড়ানুরাগী হিসেবে আবু আহমেদ হাসনাতকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারার আলোকে গঠিত এই অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনা এবং পরবর্তী নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, আবু আহমেদ হাসনাত এর আগে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন। স্থানীয় পর্যায়ে ক্রীড়া উন্নয়ন ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণেই তাকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন বিভাগীয় কমিশনার। সদস্য হিসেবে থাকবেন ডিআইজি, পুলিশ কমিশনার, স্থানীয় সরকার পরিচালক, বিভাগীয় সমবায় অফিসের যুগ্ম নিবন্ধক এবং ক্রীড়াবিদ আবু আহমেদ হাসনাত। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ মো. মসিউল আলম।

লালদীঘিতে আবারও ‘বাঘা’ শরীফের দাপট, টানা তৃতীয়বার জব্বারের বলীখেলার চ্যাম্পিয়ন

চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর জমে উঠেছিল দর্শকদের ব্যাপক উপস্থিতিতে। শনিবার (১২ বৈশাখ) লালদীঘি মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতেছেন কুমিল্লার মো. শরীফ, যিনি ‘বাঘা’ শরীফ নামে পরিচিত।

বিকেল তিনটার দিকে শুরু হওয়া মূল প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ১০৮ জন কুস্তিগীর অংশ নেন। চট্টগ্রাম, বাগেরহাট, নারায়ণগঞ্জ ও সাভারসহ বিভিন্ন অঞ্চলের বলীরা আখড়ায় নিজেদের শক্তি ও কৌশলের লড়াইয়ে অংশ নেন।

গতবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফ ও রানারআপ রাশেদসহ শীর্ষ চারজন সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলেন। প্রথম রাউন্ড শেষে তাঁদের সঙ্গে যোগ দেন মামুন, দিপু, নুরুল ইসলাম ও মিঠু। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে জয় পেয়ে ফাইনালে ওঠেন বাঘা শরীফ ও রাশেদ।

ফাইনালে শুরু থেকেই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রায় ২৫ মিনিটের টানটান প্রতিদ্বন্দ্বিতার এক পর্যায়ে কৌশলে রাশেদকে মাটিতে ফেলতে সক্ষম হন বাঘা শরীফ। রেফারির সিদ্ধান্তে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়।

এর আগে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় মিঠু বলী জয় পান।

খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

প্রসঙ্গত, ১৯০৯ সালে বদরপাতির ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগরের হাত ধরেই এই বলীখেলার সূচনা। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে তরুণদের শারীরিক সক্ষমতা ও সাহসিকতা গড়ে তুলতেই শুরু হয়েছিল এ আয়োজন, যা সময়ের সঙ্গে চট্টগ্রামের মানুষের অন্যতম বড় লোকজ উৎসবে পরিণত হয়েছে।

প্রতিবছর ১২ বৈশাখ লালদীঘি মাঠে বসে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। এ উপলক্ষে আশপাশের কয়েক কিলোমিটারজুড়ে জমে ওঠে বৈশাখী মেলা। কেনাবেচা, আড্ডা আর মানুষের ভিড়ে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর।

শত বছরের বেশি সময় পেরিয়েও জব্বারের বলীখেলা চট্টগ্রামের মানুষের আবেগ ও সংস্কৃতির অংশ হয়ে আছে। সেই ঐতিহ্যের মঞ্চেই আবারও নিজের আধিপত্য দৃঢ় করে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলেন ‘বাঘা’ শরীফ।

রাঙ্গুনিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ঘিরে ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়ার ক্রীড়াঙ্গনে আবারও ফিরছে প্রাণচাঞ্চল্য। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা জুড়ে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা ও আগ্রহ।

এই কর্মসূচিকে বাস্তব রূপ দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করছেন।

বুধবার (২২ এপ্রিল) তিনি রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়, চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, মজুমদারখীল উচ্চ বিদ্যালয় এবং খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা। প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তারা খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

বক্তব্যে তারা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা একটি সুস্থ, আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে বের করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য নির্ধারিত এই কর্মসূচিতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্ট রাখা হয়েছে। উপজেলা প্রশাসন ও ক্রীড়া পরিদপ্তরের যৌথ ব্যবস্থাপনায় ধাপে ধাপে বাছাইয়ের মাধ্যমে সেরা প্রতিভাদের খুঁজে বের করে তাদের উন্নত প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।

স্কুলভিত্তিক এই কার্যক্রমে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেকেই ইতোমধ্যে বিভিন্ন খেলায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। শিক্ষক ও অভিভাবকরাও উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এখন আর শুধু একটি কর্মসূচি নয়—রাঙ্গুনিয়ার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করার এক শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠছে।

খেলাধুলা সামাজিক ঐক্যের শক্ত ভিত গড়ে তোলে: হুমাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : নিয়মিত খেলাধুলা সমাজে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী। তিনি বলেন, ভিন্ন ভিন্ন পেশার মানুষ খেলাধুলার মাধ্যমে এক কাতারে এসে সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতে পারে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পেশাজীবীদের প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গুনিয়া পেশাজীবী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ প্রীতি ম্যাচে লয়ারস ক্লাব ও ডক্টর-ইঞ্জিনিয়ার ক্লাব অংশ নেয়। শুরু থেকেই ম্যাচটি ছিল প্রাণবন্ত ও উত্তেজনায় ভরপুর। নির্ধারিত সময় শেষে ৪–১ গোলে ডক্টর-ইঞ্জিনিয়ার ক্লাবকে পরাজিত করে লয়ারস ক্লাব জয় পায়।

খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। বিভিন্ন পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরু। পেশাজীবীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক মো. মহসিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী, এস ইউ এম নুরুল ইসলাম, প্রকৌশলী আরিফ হাসান চৌধুরী, অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী ও ডা. তাশদীদ।

প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরী আরও বলেন, রাঙ্গুনিয়ার খেলাধুলার মান উন্নয়নে মাঠ ও ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়ন জরুরি। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে রাঙ্গুনিয়ার সন্তানদের প্রতিনিধিত্ব দেখাই সবার লক্ষ্য হওয়া উচিত।

আনন্দঘন পরিবেশে প্রীতি ফুটবল ম্যাচের সমাপ্তি ঘটে। আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী ও অংশগ্রহণকারী উভয় দলকে অভিনন্দন জানানো হয়।

খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে: নূরের আলো সুপার লীগ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): সামাজিক সংগঠন নূরের আলো যুব একতা সংঘের উদ্যোগে আয়োজিত নূরের আলো সুপার লীগ–২০২৫ (সিজন–৩) এর উদ্বোধনী অনুষ্ঠান রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকায় শনিবার (২০ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদন দেয়ার পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মহিউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বজন সমাবেশ রাঙ্গুনিয়ার সভাপতি ও চলমান রাঙ্গুনিয়া পত্রিকার পাঠক ফোরামের আহ্বায়ক সনজীব সুশীল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গুনিয়ার টিম পরিচালক জাহেদুর রহমান, প্রবীণ শিক্ষক নুরুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইকবাল আহমেদ বেলাল,নূরের আলো যুব একতা সংঘের উপদেষ্টা মাহাবুবুল আলম সিকদার, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব,সভাপতি সৈয়দ মো. ফাহিম, সাধারণ সম্পাদক নাজমুল আমিন তারেক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. আবদুল্লাহ মনসুর প্রমুখ।

বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে সুস্থ বিনোদনের মাধ্যমে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নূরের আলো যুব একতা সংঘের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখযোগ্য, নূরের আলো সুপার লীগ–২০২৫ স্থানীয় যুবদের মধ্যে ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ সৃষ্টি করেছে।

জেলা চ্যাম্পিয়ন রাঙ্গুনিয়া কলেজ ফুটবল দলকে সংবর্ধনা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): জেলা পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া রাঙ্গুনিয়া সরকারি কলেজ ফুটবল দলকে শনিবার উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করেছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এই জয় শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের নয়, পুরো রাঙ্গুনিয়ার। নিয়মিত অনুশীলন ও শৃঙ্খলা থাকলে তোমরা আরও বড় মঞ্চে খেলবে, এটাই আমার বিশ্বাস।”

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন। বাংলাদেশ স্কাউটস রাঙ্গুনিয়ার যুগ্ম সম্পাদক এম. মোরশেদ আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক মোতাহের হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব ও সদস্য ইকবাল আহমেদ বেলাল।

আলোচনা সভার শেষে ইউএনও মো. কামরুল হাসান ফুটবল দলের সদস্যদের হাতে ব্যাগ ও জার্সি তুলে দেন।

রাঙ্গুনিয়ায় জমকালো আয়োজনে ‘আইকনিক স্পোর্টস জোন’ উদ্বোধন

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জমকালো আয়োজনে উদ্বোধন হয়েছে ‘রাঙ্গুনিয়া আইকনিক স্পোর্টস জোন’। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ধামাইরহাট বাজারসংলগ্ন উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় এবং উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের পাশে গড়ে ওঠা এ স্পোর্টস জোনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কামরুল হাসান বলেন, একসময় বিদ্যালয়ের এই পরিত্যক্ত জায়গায় নেশাসহ নানা অপকর্মের আশঙ্কা ছিল। স্থানীয় যুবকরা ভালো কিছু করার প্রস্তাব দিলে মাঠ তৈরির উদ্যোগকে প্রশাসন ও বিদ্যালয় কতৃপক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন দেয়।

তিনি বলেন, “একটা বা দুইটা স্টেডিয়ামের চেয়ে বিশটা খেলার মাঠ ভালো। ধরুন, একটা স্টেডিয়ামে আমি ১০০ টাকা খরচ করছি। কিন্তু বিশটা মাঠে যদি প্রতিটিতে ৫ টাকা খরচ করি, তাহলে হয়তো সব মাঠে স্টেডিয়ামের মতো লাইটিং বা অন্যান্য ব্যবস্থা থাকবে না। কিন্তু ঐ মাঠগুলো আগামী একশো বছর কাজে লাগবে। তাই একটি স্টেডিয়ামের চেয়ে বিশটা মাঠ হওয়া ভালো। তবে এটাকে আমি নিরুৎসাহিত করছি না। এর মাধ্যমে সমাজের একজন ছেলেকেও যদি অসৎপথ থেকে ভালো পথে আনা যায়, তাহলেই যারা পরিশ্রম ও বিনিয়োগ করেছেন তাদের সার্থকতা।”

তিনি আরও যোগ করেন, “আমরা রাঙ্গুনিয়ার আশপাশের বিত্তশালী যারা আছেন তাদের সঙ্গে নিয়ে চেষ্টা করছি কয়েকটি মাঠ তৈরি করতে। যতদিন এখানে থাকছি, আমি চেষ্টা করব কিছু মাঠ তৈরি করে দেওয়ার।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জাহেদুর রহমান, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মিনিবার ফুটবল খেলায় অংশ নেন উপজেলা প্রশাসন ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সদস্যরা।

প্রসঙ্গত, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এ মাঠে আউটডোরে ফুটবল, ক্রিকেট, ভলিবল এবং ইনডোরে বিলিয়ার্ড খেলার সুযোগ করার কথা রয়েছে। আয়োজকরা জানান, ফিফা অনুমোদিত টার্ফ ব্যবহারের ফলে মাঠটি সারা বছর খেলার উপযোগী থাকবে।

খেলাধুলাই মাদকমুক্ত সমাজ গড়ার পথ: রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা হাসনাত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): ‘মাদককে না বলার জন্য খেলাধুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম’—এই মন্তব্য করে তরুণ সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত।

শুক্রবার বিকেলে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক এই উপজেলা চেয়ারম্যান বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি।” তিনি গত বছরের গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা ওয়াসিমকে ‘সারা বাংলাদেশের প্রথম শহীদ’ হিসেবে উল্লেখ করেন এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে তার সুস্বাস্থ্য কামনা করেন।
উপজেলার রাজারহাট রাজাভূবন উচ্চ বিদ্যালয় মাঠে ‘শহীদ ওয়াসিম আকরাম ক্রীড়া পরিষদ’ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এম এইচ সুমন এবং সঞ্চালনা করেন সাইফুল ইসলাম টিপু। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবছার হোসেন তালুকদার, লালানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক মো. ইউনুচ তালুকদার, মো. বখতিয়ার, মো. সোহেল, বাদশা আলম, ইঞ্জি. জবাবের সিকদার, আবদুল সফুর, মো. ওসমান গণি, সাইফুল ইসলাম এবং তাজউদ্দীন আহমেদ।
উদ্বোধনী খেলায় পোমরা চাইনি পাড়া ও রাজাভূবন ইছামতী ক্লাব অংশ নেয়। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হলে পেনাল্টিতে জয়ী হয় রাজাভূবন ইছামতী ক্লাব।
খেলা পরিচালনা কমিটির সদস্য দিদারুল আলম, আজিজ, আলম, এনাম, শাহেদ, মিজান, সেলিম, সাইমন, আরফাত, আরিফ, ইমন, ঈশান, ইকবাল, সজীব, রিফাত, সাহেদসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন রেফারি অমিতোশ বড়ুয়া, মো. সজীব ও মো. শাহেদ।