শনিবার কাপ্তাই বাঁধে স্পিলওয়ে খুলে পানি ছাড়ার প্রস্তুতি, সতর্ক থাকার আহ্বান

কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই লেকে পানির উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আগামী ১৮ জুলাই (শনিবার) বেলা ১১টার পর যেকোনো সময় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি ছাড়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

বৃহস্পতিবার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট এমএসএল। লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণের স্বার্থে স্পিলওয়ের মাধ্যমে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, কাপ্তাই লেকের পানির উচ্চতা, বৃষ্টিপাত এবং উজান থেকে আসা পানির প্রবাহ (ইনফ্লো) সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী স্পিলওয়ে খোলার সময় পরিবর্তন হতে পারে। পাশাপাশি উজান থেকে পানির প্রবাহ আরও বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে গেটের উচ্চতা বাড়িয়ে পানি নিষ্কাশনের পরিমাণও বৃদ্ধি করা হবে।

বর্তমানে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সম্ভাব্য পানি ছাড়ার বিষয়টি বিবেচনায় রেখে কর্ণফুলী নদীর তীরবর্তী নিচু এলাকার বাসিন্দা, জেলে এবং নৌযান চলাচলকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।