রাঙ্গুনিয়ায় একইদিনে দুই মৃত্যু, প্রবাসীর শেষ ফেসবুক পোস্টে অভিযোগ
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একই দিনে একই ইউনিয়নে পৃথক দুই মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) দুপুর ও সন্ধ্যায় উপজেলার মরিয়মনগর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ফুলগাজীপাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ তানভীর হোসেন (৩০) এবং পূর্ব সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা মনোয়ারের ছেলে মো. বাবর (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে বাবরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্বজনদের দাবি, বাবর কিছুদিন ধরে পারিবারিক কলহের কারণে মানসিকভাবে অস্থির ছিলেন। তাদের ধারণা, পারিবারিক বিরোধের জেরেই তিনি এমন পথ বেছে নিতে পারেন। বাবর সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছিলেন।
অন্যদিকে একইদিন সন্ধ্যায় আরেকটি ঘটনা ঘটে। নিহত তানভীর হোসেন মৃত্যুর আগে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। পরে বাড়ির পাশের কর্ণফুলী নদীর চরের একটি গাছে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, তানভীরও সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী ছিলেন। কোরবানির ঈদ উপলক্ষে ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন এবং শিগগিরই কর্মস্থলে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।
মৃত্যুর আগে ফেসবুকে দেওয়া পোস্টে তানভীর লিখেছিলেন, “আমার মৃত্যুর কারণ আমার চাচা শ্বশুর। এত বড় অপবাদ না দিলেও পারতেন। সবাই ক্ষমা করে দিয়েন আমাকে। ভালো থেকো প্রিয় বউ। সবকিছু শেষ আমার।”
স্ট্যাটাসটি প্রকাশের পর তাঁর পরিচিতদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যায় স্থানীয় লোকজন বাড়ির পাশের নদীর চরে একটি গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন দুই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে বাবরের মৃত্যু আত্মহত্যাজনিত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
অন্যদিকে তানভীরের ঘটনায় ওসি জানান, তানভীরের চাচা শ্বশুর তাঁর বিরুদ্ধে এবং তাঁর শাশুড়িকে জড়িয়ে সামাজিকভাবে অপবাদ ছড়িয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এতে অভিমান করে তানভীর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এমন পথ বেছে নেন। এ ঘটনায় তানভীরের অভিভাবকদের লিখিত এজাহারের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
