
রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অভিনব কৌশলে একটি স্বর্ণের দোকান থেকে অলঙ্কার চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার রোয়াজারহাট বাজারের সৌদিয়া জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দোকানি বাবুল ঘোষ জানান, ওইদিন ছিল মাসিক স্টকের দিন। সকালে দোকান খুলে হিসাব মেলানোর জন্য শোকেসে (কাচের আলমারি) মাল রাখা হয়। এ সময় দোকানের কর্মচারী চা খেতে বাইরে গেলে হঠাৎ দুইজন পুরুষ ও একজন নারী দোকানে প্রবেশ করে। তারা একের পর এক আংটি দেখতে চান এবং দাম জিজ্ঞেস করতে থাকেন। বিভিন্ন কৌশলে তাকে ব্যস্ত রেখে শোকেস থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন ভরি অলঙ্কার নিয়ে যান তারা। যার বাজারমূল্য আনুমানিক সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা। দোকানের সিসি ক্যামেরায় ঘটনার ফুটেজ রয়েছে বলেও জানান তিনি।
রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “মৌখিক অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি অন্যান্য দিক থেকেও তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।”
