রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ক্ষেতের পাকা ধান পাহারা দিতে গিয়ে নেজাম উদ্দিন (৫০) নামে এক চাষি হত্যার শিকার হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সিঙ্গাপুর এলাকার বিলের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের দুই হাত কনুই থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় বন্যহাতির হাত থেকে ক্ষেতের পাকা ধান রক্ষা করতে রাতে পাহারা দিতে গিয়েছিলেন নেজাম উদ্দিন। সকালে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে বের হন। একপর্যায়ে কালিছড়ি ব্রিজ সংলগ্ন মাতব্বর বাড়ির পাশের সড়কে বৃষ্টির পানির মধ্যে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। এ সময় তাঁর দুই হাত কনুই থেকে কাটা অবস্থায় ছিল।
নিহত নেজাম উদ্দিন সরফভাটা ইউনিয়নের মীরেরখীল স্লুইস গেট এলাকার বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর ছিলেন। জীবিকার প্রয়োজনে চাষাবাদের পাশাপাশি গাছ কাটার কাজও করতেন।
নিহতের ছোট ভাই জসিম উদ্দিন বলেন, রাতে ক্ষেতের পাকা ধান পাহারা দিতে গিয়েছিলেন তাঁর ভাই। সকাল হয়ে গেলেও বাড়ি না ফেরায় তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সড়কের ওপর তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার ভাই একজন নিরীহ চাষি ও গাছ কাটার শ্রমিক ছিলেন। তাঁকে কেন, কী কারণে এমন নৃশংসভাবে খুন করা হলো, তা আমরা বুঝতে পারছি না।”
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
