পটিয়ায় গভীর রাতে বসতঘরে চুরি, খোয়া গেল স্বর্ণালংকার ও ১ লাখ টাকা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। তাঁর ধারণা, চোর খাটের নিচে লুকিয়ে থেকে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর এ ঘটনা ঘটিয়েছে।

গত শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সমুরা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. হাসানুজ্জামান খান (৪৫) তাঁর নিজ বসতঘরে চুরির এ অভিযোগ করেন।

হাসানুজ্জামান খান জানান, শনিবার রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রোববার ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে তিনি ঘরের দরজা খোলা দেখতে পান। পরে মুঠোফোন খুঁজতে গিয়ে বুঝতে পারেন, ঘরে চুরি হয়েছে।

তিনি বলেন, রাত দুইটার দিকে তাঁর জামাতা বিদেশ থেকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোন বন্ধ পান। তাঁর ধারণা, রাত সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে কোনো একসময় চুরির ঘটনা ঘটে থাকতে পারে। চোর খাটের নিচে লুকিয়ে ছিল বলে সন্দেহ করছেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে দুটি স্মার্টফোন, একটি বাটন ফোন, আনুমানিক ৩০ আনা ওজনের স্বর্ণের হার, নগদ ১ লাখ ৪ হাজার টাকা এবং আরও কিছু মালামাল।

এ ঘটনায় পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হাসানুজ্জামান খান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”