পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: “আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবার সমান অধিকার রয়েছে।” এমন বক্তব্যের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সমঅধিকারের বার্তা দিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।
‘মৈত্রী ও সম্প্রীতির আলোয় কেটে যাক সব অন্ধকার’ স্লোগানে চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উনাইনপুরায় শুভ প্রবারণা পূর্ণিমা ও ফানুস উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য এনামুল হক এনাম।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান আমরা সবাই অভিন্ন। এখানে সংখ্যাগুরু ও সংখ্যালঘু বলে কোনো বিভেদ থাকা উচিত নয়। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবার সমান অধিকার রয়েছে।”
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মিলেমিশে বসবাস বাংলাদেশের ঐতিহ্য ও শক্তি। কোনো ধর্মের মানুষ যেন নিজেদের অবহেলিত বা অসহায় মনে না করেন, তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহনশীলতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
তিনি বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক বিশ্বাস বাড়ায়। তাই শান্তি ও সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
ভদন্ত রতনানন্দ থেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী মোহাম্মদ বখতিয়ার উদ্দিন বকুল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক তাপস কুমার দে এবং শ্রীশ্রী জন্মাষ্টমী পরিষদ বাংলাদেশের সভাপতি মাস্টার শ্যামল কান্তি দে।
অনুষ্ঠানে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রবারণা পূর্ণিমা ও ফানুস উৎসবকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে ফানুস উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিকতা উদ্যাপন করা হয়।
