কাপ্তাই (রাঙামাটি) : রাঙামাটির কাপ্তাই উপজেলায় মো. জোবায়ের হোসেন (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সন্দেহভাজন ডেঙ্গু রোগী ছিলেন বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। তবে হাসপাতালে তার ডেঙ্গু পরীক্ষা করা হয়নি।
রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জোবায়ের হোসেন কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএফআইডিসি শিল্প এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম মৃত গোলাম রসুল। পেশায় তিনি একজন দর্জি ছিলেন।
নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন জানান, তার ছোট ভাই গত পাঁচ থেকে ছয় দিন ধরে কাপ্তাই প্রজেক্ট এলাকার একটি স্থানে দর্জির কাজ করছিলেন। এ সময় তার মাঝে মাঝে জ্বর আসা-যাওয়া করলেও তিনি বিষয়টি তেমন গুরুত্ব দেননি।
পরে কাপ্তাই নতুন বাজার এলাকায় ডেঙ্গু পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর শনিবার রাতে তাকে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, ‘তিনি সন্দেহভাজন ডেঙ্গু রোগী ছিলেন। হাসপাতালে তার ডেঙ্গু পরীক্ষা করা হয়নি। তবে তার ডেঙ্গু হয়ে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি।’
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, জোবায়ের হোসেনের ডেঙ্গু সংক্রমণ নিশ্চিত হয়নি। ফলে তার মৃত্যুর কারণ ডেঙ্গু কি না, তা-ও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
