ফটিকছড়িতে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল অসুস্থ ব্যক্তির মরদেহ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের দুই দিন পর ফারুক উদ্দিন (৫৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার জাফতনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুফতি বাড়ির পুকুর থেকে স্থানীয়রা তাঁর মরদেহ উদ্ধার করেন।

ফারুক উদ্দিন ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি তাঁর দৃষ্টিশক্তিও কম ছিল।

জাফতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফারুক উদ্দিন দুই দিন আগে নিখোঁজ হন। পরে বাড়ির পুকুরে তাঁর মরদেহ পাওয়া যায়। বিষয়টি ফটিকছড়ি থানা-পুলিশকে জানানো হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।