রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ ইউনুস (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের কলান্তর ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউনুস পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম খুরুশিয়া চেংগো এলাকার বাসিন্দা। তিনি মৃত ইসমাইল হোসেনের ছেলে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের শ্বশুর আব্দুল বাতেন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে প্রায় চার মাইল দূরে কলান্তর ছড়ায় নিজের কলাবাগানে কলার ছড়া কাটতে যান ইউনুস। এ সময় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে সাড়া না পেয়ে তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
পরে বিকেলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন কলাবাগানে গিয়ে ইউনুসকে মাটিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
