
ছবি: সংগৃহীত
ডেস্ক: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “গত ১৫ বছর যে বিএনপির নেতাকর্মীদের জন্য লড়াই করলাম, তারাই এখন আমাকে ধাক্কা দেয়। ঠিক আছে, ধাক্কার বদলে ধাক্কা আসবেই।”
রোববার (২৪ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা এ কথা বলেন।
এদিন সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণে ইসিতে দাবি-আপত্তির শুনানিতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে যিনি আছেন তিনি পিটিয়ে পিটিয়ে মানুষের স্বীকারোক্তি নিয়েছেন। নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট (উপস্থাপন) করেছি। জনসংখ্যার বিবেচনায় নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা সঠিক সিদ্ধান্ত। আমার বিষয়গুলো আমি নিজে প্রেজেন্ট করব, তাই করেছি।
রুমিন ফারহানা আরও বলেন, ‘আশা করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে যিনি আছেন, তিনি গুন্ডা-পান্ডা নিয়ে ইসিতে ঢুকবেন না। কিন্তু তারা গুন্ডা নিয়ে ইসিতে এসেছেন। এই আসনের প্রার্থী তার গুন্ডা-পান্ডা সদলবল নিয়ে ইসিতে এসে মারামারি করেছেন- এটা খুবই লজ্জাজনক। এতে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে’।
এনসিপির কর্মীদের সঙ্গে হাতাহাতি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, উনি যেহেতু পরিচিত মুখ নয়, সুতরাং উনি জামায়াত না এনসিপি আমার জানা নেই। তবে উনার লোকজন প্রথম আমাকে ধাক্কা দিয়েছে। আর আমাকে ধাক্কা দিলে আমার লোকজন তো বসে থাকবে না, কারণ আমি একজন নারী। আমার লোকজনকে যখন মারধর করেছে, তখন আমার লোকজনও জবাব দিয়েছে।
রুমিন ফারহানা বলেন, বিএনপি সবসময় ২০০৮ সালের আগের আসনসীমায় ফেরার দাবি জানিয়ে এসেছে। কারণ মাঝের ১৫ বছরে একটি ফ্যাসিস্ট সরকার নিজেদের স্বার্থে সীমানা পরিবর্তন করেছিল, যা তারা মানেন না। তাই খালেদা জিয়ার ইচ্ছা অনুযায়ী ২০০৮ সালের আগের সীমানায় ফেরাই সঠিক সিদ্ধান্ত হবে।
তিনি আরও বলেন, অত্যন্ত দুঃখজনক যে আজ নির্বাচন কমিশনে মারামারির ঘটনা ঘটেছে—যা গত ১৫ বছরে হয়নি। যাদের জন্য এতদিন লড়াই করলাম, সেই বিএনপির নেতা-কর্মীরাই আজ আমাকে ধাক্কা দেয়। ধাক্কার জবাবে ধাক্কা তো আসবেই।
