ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ: সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা

ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইয়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে ওমর বিন হাদির একটি টেলিফোন আলাপ হয়। এতে প্রধান উপদেষ্টা জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত।

তিনি আরও বলেন, “হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে ইতোমধ্যে আমি কয়েকজন উপদেষ্টাসহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছি। বৈঠক থেকে দ্রুততম সময়ে অভিযুক্তদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।”

হাদির চিকিৎসা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে সকল চিকিৎসা ব্যয় বহন করা হবে। প্রয়োজন হলে দেশে-বিদেশে সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থাও করা হবে।

ওসমান হাদির প্রতি তার ব্যক্তিগত উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “হাদি আমাদের সবার অতি আপন ও স্নেহের মানুষ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি খুব শিগগিরই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন—এই দোয়া রইল।”