নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট গবেষক এ এস এম সুজা উদ্দিন। এর আগে তিনি দলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বান্দরবান আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, এর আগে সাংগঠনিক দায়িত্ব পালনকালে বৃহত্তর নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের লক্ষ্মীপুর থেকে পর্যটননগরী টেকনাফ পর্যন্ত বিস্তৃত এলাকার ১০টি গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলায় আহ্বায়ক ও নির্বাহী কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করেন এ এস এম সুজা উদ্দিন।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় এ এস এম সুজা উদ্দিন বলেন, “আমাদের এই ভৌগোলিক অঞ্চলটি (চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল) কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। এখানকার রাজনৈতিক ময়দান যেমন আলাদা, তেমনি এখানকার বৈচিত্র্যময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও তাদের অভ্যন্তরীণ আলোচনার ধরনও সম্পূর্ণ ভিন্ন।”
তিনি আরও বলেন, “পাহাড়ে বা সমতলে জোরপূর্বক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। এখানে সফল হতে হলে পুরোপুরি ‘জনবান্ধব রাজনীতি’ এবং অন্তর্ভুক্তিমূলক ‘জননীতি’র রূপরেখা নিয়ে কাজ করতে হবে, যেখানে প্রতিটি জাতিগোষ্ঠীর মানুষ নিজেদের এই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ মনে করবে।”
চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের ভৌগোলিক বৈচিত্র্য, রাজনৈতিক বাস্তবতা এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর অধিকার ও স্বার্থকে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
