রাঙ্গুনিয়া : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে পাঁচ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী চট্টগ্রাম জেলার সব উপজেলায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গুনিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব চারা রোপণ করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞার উদ্যোগ ও নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসানের উপস্থিতি ও সহযোগিতায় কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্থানে সাড়ে পাঁচ হাজার গাছের চারা রোপণ করা হয়। এতে সহযোগিতা করে রাঙ্গুনিয়ার ২০টি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।
