রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : ‘মা, মাটি ডাকছে—তারেক রহমান আসছে’ এবং ‘তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ’ স্লোগানে মুখর হয়ে ওঠে চট্টগ্রামের রাঙ্গুনিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মঙ্গলবার সেখানে মিছিল করেছে স্থানীয় যুবদল ও ছাত্রদল।
উপজেলা ও পৌরসভা যুবদল এবং ছাত্রদলের ব্যানারে মঙ্গলবার দুপুরে এই স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে এবং রাঙ্গুনিয়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে এ স্বাগত মিছিলের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, বিএনপির হাইকমান্ড সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৭ বছর পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করছেন। ২৫ ডিসেম্বর তিনি দেশে পৌঁছে বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে ৩০০ ফিট এলাকায় উপস্থিত জনসমাগমের উদ্দেশে একটি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেবেন। এরপর তিনি তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে নিজ বাসভবনে ফিরবেন।
বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে তারেক রহমানের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সরকার তাঁর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেছে।
