ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ভুজপুর থানা পুলিশ এসব বন্দুক উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়দের মাধ্যমে ওই এলাকায় দুটি বন্দুক পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে ভুজপুর থানাধীন উদালিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জ্যোতিষ চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে পাহাড়ের পাদদেশে একটি খড়ের গাদার পাশে ফেলে রাখা অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি মালিকানাবিহীন দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাক্ষীদের উপস্থিতিতে বন্দুক দুটি জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
