পটিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের পটিয়ায় দিনে দুপুরে ধলঘাট স্কুল অ্যান্ড কলেজে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে প্রতিষ্ঠানটির একটি কক্ষের দরজা ভেঙে তিনটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানের প্রায় ১৪ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ২-৩ জনের একটি দল কলেজের একটি কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা তিনটি সিলিং ফ্যান খুলে নিয়ে যায়। এ সময় নৈশপ্রহরী সুভাষ নাথ বিষয়টি দেখতে পেলে তাকে ভয়ভীতি দেখিয়ে তারা পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
নৈশপ্রহরী সুভাষ নাথ জানান, সিলিং ফ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি আসিফ নামের এক কিশোরকে দেখতে পান। পরে চোরেরা তাকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি তিনি কলেজের অধ্যক্ষকে জানান।
কলেজের অধ্যক্ষ জামাল উদ্দীন বলেন, ‘বিষয়টি পুলিশ প্রশাসনকে মৌখিকভাবে জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের সহযোগিতা কামনা করছি।’
তিনি আরও বলেন, ‘ধলঘাট স্কুল অ্যান্ড কলেজে এর আগেও চুরির ঘটনা ঘটেছে। একের পর এক ঘটনায় কলেজ প্রশাসন উদ্বিগ্ন।’
পটিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) যুযুৎম যশ চাকমা বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
ধলঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু বক্কুর বলেন, ‘এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধ বেড়ে গেছে। এ ধরনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
এদিকে পটিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
