পটিয়ায় লেগুনার ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশুর, আহত ৩

পটিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের পটিয়ায় মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহী লেগুনার ধাক্কায় তাসপিয়া (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় লেগুনাটি উল্টে গিয়ে আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার গৈড়লারটেক এলাকার একটি গ্যাস পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসপিয়া বাঁশখালী উপজেলার আবু হানিফের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরী থেকে পটিয়াগামী একটি যাত্রীবাহী লেগুনা সকাল ১০টার দিকে গৈড়লারটেক এলাকায় পৌঁছালে মহাসড়ক পারাপারের সময় শিশু তাসপিয়াকে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি উল্টে যায়। ঘটনাস্থলে শিশুটি গুরুতর আহত হয়। এ সময় লেগুনার আরও তিন যাত্রী আহত হন।

আহত ব্যক্তিরা হলেন পটিয়ার কেলিশহর ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে মো. ইকবাল (৩০), পটিয়া সদরের মৃত মোজাহের মিয়ার ছেলে মো. হাবিব (৪৫) এবং আহমদ রহমানের ছেলে আজগর আলী (১৭)।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনজন।

স্থানীয়রা জানান, শিশু তাসপিয়ার বাবা আবু হানিফ পেশায় একজন দিনমজুর। চলতি মাসে তিনি গৈড়লারটেক এলাকায় একটি ভাড়া বাসায় থাকছিলেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কৃষ্ণা সরকার সেতু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু তাসপিয়ার মৃত্যু হয়। বাকি তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ সদস্য আবদুল বারেককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একটি শিশু নিহত হয়েছে বলে তিনি শুনেছেন। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফোন না ধরায় এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।