ফটিকছড়িতে ডেঙ্গুতে পল্লী চিকিৎসকের মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাগানবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জসিম উদ্দিন।

নিহত সাইফুল ইসলাম উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার আসমত আলী মোল্লা বাড়ির পল্লী চিকিৎসক রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হেয়াকো বাজারে পল্লী চিকিৎসা দিয়ে আসছিলেন। প্রায় এক বছর আগে তিনি বিয়ে করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে জ্বরসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন সাইফুল। তিন দিন আগে পরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার বিকেলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

তরুণ পল্লী চিকিৎসক সাইফুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।