রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে রাস্তা পার হওয়ার সময় ইটবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল ইসলাম টিটু (৫৫) নামে এক ইউপি সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা ও নিহতের স্বজনেরা চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করলে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের জলিলনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম টিটু উপজেলার বিনাজুরী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ইউনিয়নের উত্তর লেলেঙ্গারা এলাকার আনজু মিয়া সারাংয়ের ছেলে। পেশায় তিনি একটি জীবন বীমা প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। ব্যক্তিজীবনে তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নুরুল ইসলাম টিটু পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম নগরমুখী ইটবোঝাই একটি ট্রাক (চট্টমেট্রো-ট ১১-০০৩৭) তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
নিহতের ছেলে মো. সামির অভিযোগ করেন, বেপরোয়া ও অতিরিক্ত বোঝাই ট্রাকের কারণে তাঁর বাবার মৃত্যু হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
