রাঙ্গুনিয়ায় ইটভাটায় অভিযান: চিমনিসহ কিলন ভেঙে দেওয়া হলো, জরিমানা ৫ লাখ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা এলাকায় পরিচালিত এ অভিযানে একটি ইটভাটার চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অন্য একটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে বানিয়াখোলা এলাকার মেসার্স খাজা আজমির ব্রিকস ম্যানুফ্যাকচারিং (KMR) নামের ইটভাটাটির চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই এলাকার মেসার্স খাজা ব্রিকস ম্যানুফ্যাকচারিং (KBM) নামের অপর ইটভাটাটিকে ৫ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন এবং ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষায় SRB-07 চট্টগ্রামের সদস্য, চট্টগ্রাম আনসার সদর দপ্তরের সদস্য ও রাঙ্গুনিয়া থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। এ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের সদস্যরা।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান বলেন, “জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”