রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) খন্দকার ফারজানা নাজনীন সেতু, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন, রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেফায়েত হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়ার সভাপতি অজয় কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন দে, উপজেলা যুবদল নেতা সেকান্দর হোসেন, এস এম লোকমান, গাজী মো. জসিম, জামাল উদ্দিন, মো. মহসিন প্রমুখ।
সভায় উপজেলার ১৯৭টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ ছাড়া পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ, গুজব প্রতিরোধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
