ডেস্ক রিপোর্ট: ‘নিরাপদ সড়ক, নিরাপদ জীবন—সচেতনতায় এগিয়ে আসুক আগামীর প্রজন্ম’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশুদের নিরাপদ সড়ক চলাচল, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় হাটহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুরং খুলশী লায়নস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), টিআই (প্রশাসন), হাটহাজারী ও ফটিকছড়ি জোনে কর্মরত ট্রাফিক পুলিশের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এ সময় ট্রাফিক পুলিশের সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। রাস্তা পারাপারের সঠিক নিয়ম, ফুটপাত ব্যবহার, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, জেব্রা ক্রসিং ব্যবহারসহ সড়কে চলাচলের সময় প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
পাশাপাশি নিরাপদ সড়ক চলাচলের বিভিন্ন নিয়ম তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। নিজেরা ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করার বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।
সড়ক নিরাপত্তার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শ্রেণিকক্ষে মনোযোগী হওয়া, শিক্ষক ও বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার এড়িয়ে পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সময় দেওয়ার বিষয়েও তাদের উৎসাহিত করা হয়।
ট্রাফিক পুলিশের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ দেখা যায়। শিক্ষক ও অভিভাবকেরাও পুলিশের এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন।
চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের মধ্যে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক জোরদারে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
