রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুর্বৃত্তের গুলিতে একই পরিবারের কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আজ রোববার (২২ মার্চ) সন্ধ্যার পর উপজেলার সরফভাটা ইউনিয়নের গঞ্জম আলী সরকারের বাড়ি এলাকায় এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, সন্ধ্যার পরপরই এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, চারজনের একটি সশস্ত্র দল সরফভাটা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোহাম্মদ ওসমানের বাড়িতে গিয়ে অতর্কিত এলোপাতাড়ি গুলি চালায় এবং পরে তাঁকে কুপিয়ে জখম করে।
এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদ ওসমান বর্তমানে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্বৃত্তদের এই এলোপাতাড়ি গুলিবর্ষণের সময় মোহাম্মদ ওসমানের মায়ের পায়ে গুলি লাগে এবং তাঁর বাবাও কপালে আঘাতপ্রাপ্ত হন। তবে মোহাম্মদ ওসমানের বাবা ও মায়ের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
ঘটনার পরপরই পুলিশ ও র্যাব ঘটনাস্থলে কাজ শুরু করেছে উল্লেখ করে ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে এবং এই হামলার ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।
