
চট্টগ্রাম: মানবিকতা ছাড়া মানুষের শ্রেষ্ঠত্বের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক । তিনি বলেন, রোগীর শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক সাহস ও আস্থা ফিরিয়ে দিতেও নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি আন্তরিক হাসি কিংবা ভালো ব্যবহারও একজন রোগীর দ্রুত সুস্থতায় সহায়ক হতে পারে।
মঙ্গলবার আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও শিরাবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা সবাই একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশে নার্সরা মানবতার দেবদূত হিসেবে কাজ করবেন।” নার্সিং পেশাকে মহৎ ও মানবিক পেশা উল্লেখ করে তিনি আরও বলেন, অসুস্থ মানুষ কখনো সুস্থ সমাজ গঠন করতে পারে না। তাই চিকিৎসক ও নার্সদের মানবিক সেবা সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ও নার্সিং সাব-কমিটির চেয়ারম্যান ডা. কামরুন নাহার দস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ ডা. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক ও উপ-পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইনসহ অন্যরা।
অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। তিনি বহিঃবিভাগ, শিশু বহিঃবিভাগ, এনআইসিইউ, পিআইসিইউ, এডাল্ট আইসিইউ, ক্যান্সার ইনস্টিটিউট ও অটিজম ইউনিট ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।
ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। অটিজম ইউনিট পরিদর্শনের সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সংখ্যা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। খাদ্যে ভেজাল, পরিবেশ দূষণ ও স্বাস্থ্য সচেতনতার অভাবকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “আজ যারা শপথ নিচ্ছেন, তারা যেন সেই শপথের মর্যাদা রক্ষা করেন। সরকারি বা জনসেবামূলক হাসপাতালে আসা অধিকাংশ মানুষই অসহায়। তাদের পাশে দাঁড়ানো শুধু পেশাগত দায়িত্ব নয়, এটি মানবিক দায়িত্বও।”
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী বিশেষ করে ইউরোপ ও জাপানে দক্ষ ও মানবিক নার্সের ব্যাপক চাহিদা রয়েছে। তাই আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা, নৈতিকতা ও পেশাদারিত্ব অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে হাসপাতাল ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো এবং আনুষ্ঠানিকভাবে ক্যাপ পরিয়ে দেওয়া হয়।
