লোহাগাড়া-সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় আগাম সতর্কতা, মালিকদের নোটিশ

চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় অবৈধ ইটভাটায় আগুন না দেওয়া, জ্বালানি কাঠ ও কৃষিজমির টপসয়েল ব্যবহার না করা এবং পাহাড়-টিলার মাটি কাটা থেকে বিরত থাকার বিষয়ে ভাটা মালিকদের সতর্ক করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার (৬ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালকের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল ও পরিদর্শক চন্দন বিশ্বাস লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইটভাটা সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিশেষ করে সনাতন প্রযুক্তির ড্রাম চিমনি ও ফিক্সড চিমনিবিশিষ্ট অবৈধ ইটভাটায় যেন আগুন দেওয়া না হয়, সে বিষয়ে ভাটা মালিকদের সতর্ক করা হয়। পাশাপাশি ইটভাটায় জ্বালানি কাঠ ও কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) ব্যবহার এবং পাহাড় বা টিলার মাটি কাটা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিটি ইটভাটার মালিককে নোটিশ প্রদান করা হয় এবং সরকারের নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের জন্য সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ ইটভাটা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।