দুদক এনফোর্সমেন্ট টিমের তিনটি অভিযানে অবৈধতা ও অনিয়মের তদন্ত

ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ (১ ডিসেম্বর) তিনটি পৃথক অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে আমদানি পণ্যে শুল্ক ফাঁকি: সোনামসজিদ স্থলবন্দরে কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ইমিটেশন জুয়েলারি আমদানি পণ্যে সরকারের নির্ধারিত শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে রাজশাহী থেকে টিম অভিযান পরিচালনা করে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, সরকারের নির্ধারিত ৫ মার্কিন ডলারের শুল্কের বদলে কর্মকর্তারা ২–৩ মার্কিন ডলারের হারে শুল্ক আরোপ করেছেন। অভিযান চলাকালে সংশ্লিষ্ট নথি সংগ্রহ করা হয়েছে।

বগুড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা অব্যবস্থা: সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে বগুড়া জেলা কার্যালয় থেকে অভিযান পরিচালিত হয়। টিম হাসপাতালের ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলে সেবা প্রদানের বাস্তব পরিস্থিতি যাচাই করেছে। পাশাপাশি হাজিরা বই, রেজিস্টার ও অন্যান্য নথি পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে অনুমোদিত পদের তুলনায় ডাক্তার ও কর্মচারির সংখ্যা কম রয়েছে।

সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন আটকে রাখার অভিযোগ: সুনামগঞ্জ জেলা হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর পেনশন আটকে ঘুস দাবি এবং হয়রানি করার অভিযোগে সিলেট থেকে টিম অভিযান চালানো হয়। অভিযানের সময় প্রয়োজনীয় নথি সংগ্রহ ও যাচাই করা হয়েছে।

প্রতিটি অভিযানে সংগৃহীত তথ্যের ভিত্তিতে টিম পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনের কাছে দাখিল করবে। দুদক জানিয়েছে, এসব অভিযান দেশের বিভিন্ন সেবাখাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ।