শরিফ ওসমান হাদির ওপর হামলা ‘গভীর ষড়যন্ত্রের অংশ’ : তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই হামলাকে ‘গভীর ষড়যন্ত্রের অংশ’ হিসেবে মন্তব্য করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, যারা আগামী ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রশাসন চাইলে হাদির ওপর হামলার ঘটনার তদন্তে বিএনপি সহযোগিতা করবে জানিয়ে তিনি বলেন, প্রকৃত দোষীদের খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় তিনি নেতাকর্মীদের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

পাশাপাশি দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রদলসহ দলের সবাইকে আহ্বান করছি—সরকারকে, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে, যাতে তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে পারে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে আহত করে দুর্বৃত্তরা।