
সাতকানিয়া (চট্টগ্রাম): চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেরাণীহাট রেলক্রসিং সংলগ্ন চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে অবৈধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১১ মে) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এবং পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ৫টি বাসে ব্যবহৃত মোট ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পরে পৃথক ৫টি মামলায় সংশ্লিষ্ট যানবাহনগুলোর বিরুদ্ধে মোট ২২,০০০ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এর মধ্যে ৪টি মামলায় ৫,০০০ টাকা করে এবং ১টি মামলায় ২,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।
অভিযান চলাকালে সাতকানিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
