খাগড়াছড়ির বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী, বললেন—‘প্রধানমন্ত্রী জানতে চান, আপনারা কেমন আছেন’

জাকির হোসেন, দীঘিনালা (খাগড়াছড়ি) : খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে প্রতিমন্ত্রী খাগড়াছড়ি সদর উপজেলা এবং দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, “সম্প্রতি পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আপনারা অনেক কষ্টের সময় পার করেছেন। বন্যার প্রথম দিন থেকেই জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জানতে চান আপনারা কেমন আছেন। তাই আমাকে আপনাদের খোঁজখবর নিতে পাঠিয়েছেন।”

তিনি আরও বলেন, “আপনারা কখনো নিজেদের একা ভাববেন না বা দুর্বল মনে করবেন না। আপনারা যাকে ভোট দিয়ে সরকার গঠন করেছেন, সেই সরকার সবসময় আপনাদের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে।”

পরিদর্শনকালে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এবং জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।