বাঁশখালীতে বন্যাদুর্গতদের বাড়ি বাড়ি জেলা প্রশাসক, দ্রুত টেকসই পুনর্বাসনের আশ্বাস

চট্টগ্রাম: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুর্গত পরিবারগুলোর টেকসই পুনর্বাসনের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

পরিদর্শনকালে তিনি বাহারছড়া ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি ঘুরে তাদের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক খোঁজখবর নেন।

জানা যায়, টানা ৭ থেকে ১০ দিন পানি জমে থাকায় এসব এলাকার মাটির তৈরি অধিকাংশ ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ঘর সম্পূর্ণ ধসে গেছে, আবার অনেক পরিবার জীবনের ঝুঁকি নিয়ে অর্ধভাঙা ঘরে বসবাস করছে।

দুর্গত মানুষের দুর্ভোগ দেখে জেলা প্রশাসক গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যসংখ্যা, পুনর্বাসনের প্রয়োজনীয়তা এবং কী ধরনের নকশা ও নির্মাণসামগ্রী ব্যবহার করলে তাদের জন্য উপযোগী হবে, সে বিষয়ে স্থানীয়দের মতামত নেন।

পুনর্বাসন কার্যক্রম বাস্তবসম্মত করতে জেলা প্রশাসক স্থানীয় কাঠমিস্ত্রিদের সঙ্গে সম্ভাব্য নির্মাণ ব্যয়, উপকরণের মান এবং টেকসই ঘর নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পুনর্বাসন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ও অর্ধভাঙা ঘরে বসবাস করা অত্যন্ত দুঃখজনক। সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য নিরাপদ ও টেকসই নতুন ঘর নির্মাণ নিশ্চিত করা হবে।”

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম), স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন।