রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চন্দ্রঘোনা কদমতলীর লিচুবাগান ফেরিঘাট এলাকার বাসিন্দা মো. মানিক (৩৫), হোছনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরিপুরপাড়া এলাকার বাসিন্দা অপু বিশ্বাস এবং চন্দ্রঘোনা কদমতলীর বনগ্রাম এলাকার বাসিন্দা মো. সুমন (৩৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মো. মানিক ও মো. সুমনকে গাঁজা সেবনের অপরাধে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং অপু বিশ্বাসকে ইয়াবা সেবনের অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক সেবন, বহন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগও অব্যাহত থাকবে।”
