রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে চোরাই ফ্রিজ উদ্ধার, গ্রেপ্তার ২

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের পৃথক অভিযানে চোরাই যাওয়া একটি ফ্রিজ উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।

সোমবার (১০ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাঙ্গুনিয়া মডেল থানার এসআই আবু নাছের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রাকিব আহাম্মদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে চোরাই যাওয়া ওয়ালটন কোম্পানির একটি ফ্রিজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফ্রিজটির আনুমানিক মূল্য ২২ হাজার টাকা।

গ্রেপ্তার রাকিব আহাম্মদ রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বনগ্রাম, আজিজনগর এলাকার বাসিন্দা। তিনি মো. রুহুল আমিনের ছেলে।

অন্যদিকে, এএসআই বায়েজিদ মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দীর্ঘদিনের একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. সুজনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার মো. সুজন রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুফি পাড়ার বাসিন্দা। তিনি মৃত নুর আলমের ছেলে।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহির উদ্দিনের তত্ত্বাবধানে পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার দুজনকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।