সাতকানিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের সাতকানিয়ায় বাবা-মাকে নিয়মিত মারধর ও নির্যাতনের অভিযোগে ফাহিম উদ্দিন (২৪) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ফাহিম উদ্দিন সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের দাইমারখীল এলাকার নজরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পুলিশ দাইমারখীল এলাকা থেকে ফাহিম উদ্দিনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, ফাহিম উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে তার বাবা-মাকে মারধর ও নির্যাতন করে আসছিলেন। মঙ্গলবার সকালে বিষয়টি পুলিশের নজরে এলে তাকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
সাজার বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী শাহাদাত হোসেন রাব্বি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, বাবা-মায়ের সঙ্গে অসদাচরণ, মারধর বা নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিবারের সদস্যদের প্রতি এমন আচরণ সামাজিকভাবে নিন্দনীয় হওয়ার পাশাপাশি আইনগতভাবেও দণ্ডনীয় অপরাধ।
অভিযোগের সত্যতা পাওয়ায় ওই যুবককে সাজা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে কেউ এ ধরনের অমানবিক আচরণ করলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
