বইবিমুখ শিক্ষার্থীদের ফেরাতে পটিয়ায় নতুন পাঠাগার

পটিয়া (চট্টগ্রাম) : বইবিমুখতার কারণে শিক্ষার্থীদের ফলাফল বিপর্যয় ঠেকানো এবং তাদের পুনরায় জ্ঞানচর্চায় ফিরিয়ে আনার লক্ষ্যে চট্টগ্রামের পটিয়ায় নতুন একটি পাঠাগার উদ্বোধন করা হয়েছে।

পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠিত পাঠাগারটির নাম দেওয়া হয়েছে ‘মরিয়ম খাদেমী পাঠাগার’।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে পাঠাগারটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, তরুণ প্রজন্মের প্রধান নেশা হতে হবে বই পড়া। জ্ঞান অর্জন ও নিজেদের আলোকিত করতে নিয়মিত বই পড়ার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, বইবিমুখ হওয়ার কারণেই বর্তমানে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারছে না। শিক্ষার্থীদের পুনরায় বইমুখী করতে এই পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সমাজসেবক ও রাজনীতিবিদ শওকত হোসেন খাদেমীর ব্যক্তিগত অর্থায়নে পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি খোরশেদুল আলম এবং পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব ও পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি গাজী আবু তাহের।

এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, পটিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সদস্য মিশকাত আহমেদসহ পাঠাগারটির অর্থায়নকারী শওকত হোসেন খাদেমী, বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নতুন এই পাঠাগার প্রতিষ্ঠার ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন জ্ঞানমূলক ও সৃজনশীল বই পড়ার সুযোগ পাবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস ও জ্ঞানচর্চা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।