রাঙ্গুনিয়ায় ইটভাটায় আগাম সতর্কতা, মালিকদের নোটিশ পরিবেশ অধিদপ্তরের

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আগাম সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বিশেষ করে সনাতন প্রযুক্তির ড্রাম চিমনি ও ফিক্সড চিমনিবিশিষ্ট ইটভাটায় আগুন না দেওয়া এবং জ্বালানি কাঠ ও কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) ব্যবহার না করার বিষয়ে ভাটা মালিকদের সতর্ক করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালকের নির্দেশে রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইটভাটায় সরেজমিনে গিয়ে মালিকদের হাতে সতর্কতামূলক নোটিশ প্রদান করেন।

এ সময় ইটভাটার মালিকদের অবৈধভাবে ভাটায় আগুন না দেওয়া, জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার থেকে বিরত থাকা এবং কৃষিজমির টপসয়েল সংগ্রহ ও ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিবেশ সুরক্ষা ও ইটভাটার আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে কার্যক্রম পরিচালনা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।