রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহা আর নেই। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা এই নারী বীর মুক্তিযোদ্ধার মরদেহে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান রাষ্ট্রের পক্ষে তাঁকে সম্মাননা জানান। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
মুক্তিযুদ্ধের সময় দেশের স্বাধীনতার জন্য তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। রাঙ্গুনিয়ার নারী বীর মুক্তিযোদ্ধা হিসেবে সুলেখা রানী সাহা দীর্ঘদিন ধরে মানুষের কাছে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুলেখা রানী সাহা দীর্ঘদিন ধরে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারে কাজ করেছেন। তিনি হোসনাবাদ দুর্গাবাড়ীর গীতা শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেন। গীতা শিক্ষার মাধ্যমে শিশু-কিশোর ও শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা ছড়িয়ে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বুধবার রাতে তাঁর পরলোকগমনের সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় বাসিন্দা, সহযোদ্ধা ও গীতা শিক্ষার্থীরা তাঁর বাড়িতে ছুটে আসেন। শেষবারের মতো তাঁকে দেখতে আসা মানুষের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়। এ সময় অনেকে তাঁর কর্মময় জীবন ও স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
সুলেখা রানী সাহার মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর অবদান ও কর্মময় জীবন স্মরণীয় হয়ে থাকবে বলে তাঁরা উল্লেখ করেন।
