দেশের কোডে অতিরিক্ত ‘৮’, ইউএনও পরিচয়ে প্রতারণার চেষ্টা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের কাছে পাঠানো এক সতর্কবার্তায় ইউএনও নাজমুল হাসান জানান, +88801789796160 নম্বর থেকে এক ব্যক্তি বিভিন্ন ব্যক্তিকে ফোন করে নিজেকে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ ও অন্যান্য সুযোগ-সুবিধা আদায়ের চেষ্টা করছে।

তিনি জানান, তাঁর অফিসিয়াল মোবাইল নম্বর +8801789796160। প্রতারণার কাজে ব্যবহৃত নম্বরটি দেখতে অফিসিয়াল নম্বরের সঙ্গে প্রায় হুবহু মিল রয়েছে। শুধু দেশের কোড +880-এর পর অতিরিক্ত একটি ‘৮’ যুক্ত করে +88801789796160 নম্বরটি ব্যবহার করা হচ্ছে। ফলে অনেকেই বিভ্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ইউএনও নাজমুল হাসান বলেন, “আমার পরিচয়ে কেউ ফোন করে অর্থ বা অন্য কোনো ধরনের সুবিধা দাবি করলে তা বিশ্বাস করবেন না। কোনো কল বা অনুরোধ সন্দেহজনক মনে হলে অবশ্যই বিষয়টি যাচাই করবেন।”

তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে তিনি সকলকে সতর্ক থাকার এবং এ ধরনের প্রতারণামূলক কল সম্পর্কে অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।