রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়া পৌরসভায় হোল্ডিং ট্যাক্স (পৌর কর) বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন পৌর এলাকার বাসিন্দা ও বাড়ির মালিকেরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে পৌরসভা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘ভুক্তভোগী পৌরসভার বাসিন্দা ও বাড়ির মালিকেরা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, বাড়ির মালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা বর্ধিত পৌর করের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনছুর উদ্দিন। এতে বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক একতিয়ার হোসেন, ইসলামী যুব সংঘের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ছাদেক এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ফারুকুল ইসলাম।
বক্তারা বলেন, পৌর এলাকার বাসিন্দাদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানোর আগে নাগরিক সেবার মান নিশ্চিত করা প্রয়োজন। তাঁরা বর্ধিত পৌর কর পুনর্বিবেচনা করে তা যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবি জানান।
সভাপতির বক্তব্যে ভিপি আনছুর উদ্দিন বলেন, নাগরিক সেবা নিশ্চিত না করে জনগণের ওপর অতিরিক্ত কর আরোপ গ্রহণযোগ্য নয়। তিনি বর্ধিত কর প্রত্যাহার বা পুনর্নির্ধারণ না করা হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বক্তারা আরও বলেন, পৌর কর নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং নাগরিকদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণের ভিত্তিতে কর নির্ধারণ করা উচিত। তারা দ্রুত বিষয়টি পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
