রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ অভিযোগ তুলে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লালানগর ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এবং ইউনিয়ন বিএনপির সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি আলমশাহপাড়া এলাকা থেকে শুরু হয়ে মরিয়মনগর-গাবতল ডিসি সড়ক প্রদক্ষিণ করে লালানগর চতজ্যাপাড়া রাস্তার মাথা হয়ে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়ন যুবদলের সভাপতি এমএইচ সুমন। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চনের সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী মেম্বার, সাধারণ সম্পাদক আবদুল মুনাফ, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সদস্য হারুনুর রশিদ মাসুম, মিজানুর রহমান মিজান ও মো. ইদ্রিস।
এ ছাড়া বক্তব্য দেন লালানগর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. খোকন, সাধারণ সম্পাদক মো. রুবেল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় রাজপথে থাকার ঘোষণাও দেন তারা।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
