রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা বিটসংলগ্ন একটি লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে অজগরটিকে রাঙ্গুনিয়া এভিয়ারি ও ইকোপার্কের গভীর প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে পোমরা বিটের অধীন একটি লোকালয়ে অজগরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বিষয়টি বন বিভাগকে জানান। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিরাপদ ও অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
রোববার (১১ অক্টোবর) সকালে বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনের নেতৃত্বে অজগরটিকে রাঙ্গুনিয়া এভিয়ারি ও ইকোপার্কের গভীর প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করা হয়। এ সময় পোমরা বিট কর্মকর্তা ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। লোকালয়ে কোনো বন্যপ্রাণী দেখা গেলে সেটিকে আঘাত বা বিরক্ত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
