পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার এবং যৌতুকপ্রথার বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে জাতীয় ছাত্রশক্তি পটিয়া উপজেলা শাখার উদ্যোগে পটিয়া থানার মোড় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির নেতাকর্মী, নিহত দুই নারীর পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তি পটিয়া উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল ইসলাম তৌকির, মুখ্য সংগঠক মিছকাত আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাকিবুল ইসলাম সাকিব এবং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল্লাহ আশরাফুল (সিফাত)।
বক্তারা বলেন, যৌতুকের দাবিতে নারীর ওপর নির্যাতন ও এর ফলে প্রাণহানির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিয়ের মতো একটি সামাজিক ও পারিবারিক বন্ধনকে যৌতুকের লেনদেনের সঙ্গে যুক্ত করে নারীর জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। যৌতুকের কারণে শারীরিক ও মানসিক নির্যাতন এবং নারীর মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়।
তারা আরও বলেন, যৌতুকপ্রথা নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
মানববন্ধন থেকে যৌতুকপ্রথার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
