জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ সমাবেশ

ফটিকছড়ি (চট্টগ্রাম) : জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে ১১ দলীয় ঐক্য ফটিকছড়ি উপজেলার উদ্যোগে উপজেলা সদরের বিবিরহাট ঈদগাহ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্টেশনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ সব হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে শান্তিপূর্ণ গণআন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ নাজিম উদ্দিন ইমু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আইন সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মো. জসিম উদ্দিন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা জামায়াতের সহকারী প্রচার সম্পাদক এমদাদুল ইসলাম, সহকারী অফিস সম্পাদক এজহারুল ইসলাম, এনসিপি নেতা একরামুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী মোহাম্মদ বেলাল উদ্দিন এবং যুব বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ। এ সময় থানা শাখার অফিস সম্পাদক মুহাম্মদ আবু জাফর, ইব্রাহিম খলিল, রেজাউল করিমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশ নেন।