দক্ষিণ রাঙ্গুনিয়ায় চারটি চোরাই গরুসহ দুই আসামি গ্রেপ্তার, পিকআপ জব্দ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ায় আবদুল আজিজ ও তার ভাই হুমায়ন কবিরের মোট চারটি গরু চুরির অভিযোগে মো. শাওন ও মো. মানিক নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ২৬ অক্টোবর রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার দিকে মো. শাওন (৩৫) ও মো. মানিক (৩০)সহ অজ্ঞাতনামা তিনজন আসামি গোয়ালঘর থেকে চারটি গরু চুরি করে পিকআপে তুলে নেয়। এ সময় স্থানীয়রা বাদীর সঙ্গে মিলে পুলিশের সহায়তায় নারিশ্চা মগবান্দের ব্রিজ সংলগ্ন নতুনপাড়া মুখী তিন রাস্তার মোড়ে ৪টি গরু ও দুই আসামিকে আটক করে। এ সময় চোরাই কাজে ব্যবহৃত পিকআপও জব্দ করা হয়।

পুলিশ বলেছে, চুরি হওয়া গরুর বাজার মূল্য প্রায় ৩,৩০,০০০ টাকা এবং চোরাই কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন পিকআপের মূল্য প্রায় ৮,০০,০০০ টাকা। অজ্ঞাতনামা তিন আসামী পালিয়ে গেছে।

গ্রেপ্তার আসামিদের প্রয়োজনীয় তদন্ত শেষে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম।