দক্ষিণ রাঙ্গুনিয়ায় মাদক সেবনের অভিযোগে যুবকের ৭ দিনের কারাদণ্ড

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আবু মুছা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন সরফভাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনের অভিযোগে আবু মুছাকে আটক করা হয়।

আবু মুছা পূর্ব সরফভাটা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। সাজা শেষে পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই মো. শাহিন মিয়া, এএসআই মো. ইসমাইল হোসেনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।