চকরিয়া (কক্সবাজার): কক্সবাজারের চকরিয়ায় দ্রুতগতির ডাম্পার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুজন আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) বিকেল ৩টার দিকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া উপজেলার চিরিঙ্গা-বদরখালী সড়কের সাহারবিল ইউনিয়নের শাহপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মিজানুর রহমান গুরুতর আহত হন।
নিহত মিজানুর রহমান চিরিঙ্গা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি চিরিঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মিজানুর রহমানসহ তিনজন একটি মোটরসাইকেলে করে চকরিয়া উপজেলা সদর থেকে বদরখালীর দিকে যাচ্ছিলেন। তারা শাহপুরা এলাকায় পৌঁছালে বদরখালীর দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মিজানুর রহমানের হাত-পা ও মাথায় গুরুতর জখম হয়। মোটরসাইকেলে থাকা অপর দুইজনও আহত হন। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ছাত্রদল নেতা মিজানুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম বাপ্পি।
তিনি বলেন, ‘ছাত্রদল নেতা মিজানুর রহমান ডাম্পার ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মিজানুর রহমানের মৃত্যুতে আমি চকরিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি।’
চকরিয়া থানার ওসি (তদন্ত) নুর আলম মাসুম ছিদ্দিকী বলেন, ‘বদরখালী সড়কের শাহপুরা এলাকায় ডাম্পার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা মিজানুর রহমান নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ডাম্পার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হবে।’
