কক্সবাজার: সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় স্পিডবোট উল্টে মা–মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সেন্টমার্টিন পূর্বপাড়ার মরিয়ম খাতুন (৩৫) ও তার পাঁচ বছরের মেয়ে মাহিমা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত বোটটিতে আটজন যাত্রী ছিলেন। নাফ নদীতে প্রবল ঢেউয়ের আঘাতে স্পিডবোটটি উল্টে গেলে যাত্রীরা পানিতে পড়ে যান। পরে কাছাকাছি থাকা আরেকটি স্পিডবোট দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আলভী জানান, মরিয়ম ও তার মেয়েকে হাসপাতালে আনার আগেই মৃত্যু ঘটে। আহত আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, নাফ নদীতে স্পিডবোটটি দুর্ঘটনার শিকার হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে তদন্তের জন্য একটি দল পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাগর উত্তাল থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
