রাঙ্গুনিয়া টুডে ডেস্ক: পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি ও বিভিন্ন ধরনের তদবিরের নামে প্রতারণা করছে একটি চক্র। সম্প্রতি এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এমন প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়, প্রতারকরা সরকারি কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে অর্থ দাবি করছে। এতে একদিকে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছেন, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পোস্টে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সরকারি কর্মকর্তার ছবি ব্যবহার করা মানেই সেটি ওই কর্মকর্তার প্রকৃত আইডি বা মোবাইল নম্বর—এমনটি নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই। তাই এ ধরনের বার্তায় সাড়া না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
এ ধরনের প্রতারণামূলক বার্তা পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯, সিআইডির সাইবার পুলিশ সেন্টার অথবা ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ।
